২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ জয়ী যুবাদের সাফল্য ধরে রাখার আশাবাদ ক্রীড়া উপদেষ্টার

যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে পাওয়া পুরস্কারের অর্থ বন্যার্তদের সহযোগিতার জন্য উপহার দিয়েছেন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্যরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 08:40 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরা খেলোয়াড়দের ফুলের শুভেচ্ছায় বরণ করে নিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামনের দিনগুলোতে এই সাফল্য ধরে রাখার আশাবাদও জানালেন তিনি।

ললিতপুরের আনফা কমপ্লেক্সে বৃহস্পতিবার স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। শুক্রবার নেপাল থেকে দেশে ফিরে দল।

জাতীয় ক্রীড়া পরিষদে খেলোয়াড়সহ দলের সকলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সাক্ষাৎকালে তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের খোঁজ-খবর নেন এবং সাফল্যের ধারা ধরে রাখার আশাবাদ জানান।

“জুলাই বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তারই প্রতিফলন ঘটেছে ফুটবলের মাঠে। এ অর্জন এবং সাফল্যের ধারা যেনো অব্যাহত থাকে, তা নিশ্চিত করতে হবে।”

সাফজয়ী দলের প্রত্যেক সদস্যকে পঁচিশ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। যুবাদের এই সাফল্য সামগ্রিকভাবে দেশের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করবে বলেও আশাবাদ জানান তিনি। 

পুরস্কারের অর্থ নিজেদের কাছে রাখেননি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্যরা। বন্যার্তদের সহযোগিতার জন্য ওই অর্থ উপহার দিয়েছেন তারা।