২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় গার্সিয়া

রিলিজ ক্লজের আড়াই কোটি ইউরো মিটিয়ে এই স্প্যানিশ গোলরক্ষককে দলে টানল লা লিগা চ্যাম্পিয়নরা।

৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় গার্সিয়া
গোলরক্ষক হুয়ান গার্সিয়ার সামনে নতুন চ্যালেঞ্জ। ছবি: বার্সেলোনা এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 07:06 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণাও এসে গেল। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল থেকে স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে ছয় বছরের চুক্তিতে দলে টানল বার্সেলোনা। 

লা লিগা চ্যাম্পিয়নরা বুধবার এক বিবৃতিতে জানায়, রিলিজ ক্লজের ২ কোটি ৫০ লাখ ইউরো মিটিয়ে ২৪ বছর বয়সী এই ফুটবলারকে নিয়েছে তারা। 

আগামী শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। চুক্তির মেয়াদ ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।

সামাজিক মাধ্যমে এ দিন তিনি এস্পানিওল ছাড়ার ঘোষণা দেন। এর ঘন্টা খানেক পরই তাকে দলে নেওয়ার কথা জানাল বার্সেলোনা।

তাকে নিয়ে বার্সেলোনার মূল দলের গোলরক্ষক হলো চার জন। আগে থেকে আছেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন, ভয়চেখ স্ট্যান্সনি ও ইনিয়াকি পেনিয়া।

৩৩ বছর বয়সী টের স্টেগেন এক দশক ধরে বার্সেলোনার প্রথম পছন্দের গোলরক্ষক, কিন্তু চোটের কারণে গত মৌসুমের বেশিরভাগ সময় বাইরে থাকার পর শেষ দুটি ম্যাচের জন্য তিনি ফিরেছিলেন।

জার্মান এই গোলরক্ষক সম্প্রতি জোর দিয়ে বলেছেন, গার্সিয়ার সঙ্গে চুক্তি হলেও তিনি বার্সেলোনায় থাকবেন।

টের স্টেগেন চোটে ছিটকে যাওয়ার পর জরুরি ভিত্তিতে ভয়চেখ স্ট্যান্সনিকে দলে টেনেছিল বার্সেলোনা। অবসর ভেঙে ফেরা ৩৫ বছর বয়সী পোলিশ গোলরক্ষকই পরে কোচ হান্সি ফ্লিকের প্রথম পছন্দ হয়ে ওঠেন। এই মাসেই শেষ হচ্ছে তার চুক্তির মেয়াদ, তবে মেয়াদ আরও বাড়ানোর কথা বিবেচনা করছেন তিনি।  

২৬ বছর বয়সী পেনিয়া নিয়মিত খেলার আশায় এই গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গার্সিয়া এস্পানিওলে যোগ দেন ২০১৬ সালে। যুব দল হয়ে তার মূল দলে অভিষেক হয় ২০২১ সালে। 

২০২৪ সালে এস্পানিওলকে লা লিগায় তুলতে বড় অবদান রাখা এই গোলরক্ষক এবারের মৌসুমে লিগে ৩৮ ম্যাচের সবকটিতে খেলেন। গত ফেব্রুয়ারিতে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জয়সহ বেশ কিছু ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে প্রশংসায় ভাসেন তিনি।