বার্সেলোনাকে নিয়ে ভীত নন রেয়াল কোচ
ক্লাসিকোয় আগে থেকে কোনো দলকে ফেভারিট ধরে নিতে নারাজ কার্লো আনচেলত্তি।
হান্সি ফ্লিকের কোচিংয়ে দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। লা লিগায় সবার ওপরে তারা। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়েছে দলটি। ভয়ঙ্কর হয়ে ওঠা চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে কি কিছুটা ভীত রেয়াল মাদ্রিদ? কোচ কার্লো আনচেলত্তি বললেন, প্রশ্নই ওঠে না।
লা লিগায় শনিবার ঘরের মাঠে মৌসুমের প্রথম ক্লাসিকো খেলবে রেয়াল। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
লিগ টেবিলে ২৭ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে আছে বার্সেলোনা। সমান ১০ ম্যাচ খেলে তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে শিরোপাধারী রেয়াল।
চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের দুটি জিতে দশম স্থানে আছে বার্সেলোনা; সবশেষ ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্নকে ৪-১ গোলে হারিয়েছে তারা। প্রায় সাড়ে ৯ বছর পর দলটির বিপক্ষে ইউরোপ সেরার মঞ্চে জয়ের স্বাদ পেয়েছে স্পেনের দলটি।
সাম্প্রতিক সময়ে বার্সেলোনার চমৎকার পারফরম্যান্সের প্রশংসা করেছেন আনচেলত্তি। চিরপ্রতিদ্বন্দ্বীদের ভয় না পেলেও, তাদের প্রতি যথেষ্ট সম্মান আছে ইতালিয়ান কোচের। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, ক্লাসিকোয় আগে থেকে কোনো দলকে এগিয়ে রাখা ঠিক নয়।
“সৌভাগ্যবশত, এখন কেউ আমাকে রাত জাগিয়ে (দুর্ভাবনায়) রাখতে পারে না। (বার্সেলোনা) খুব ভালো করছে। কিন্তু ক্লাসিকোর মতো ম্যাচে আগে থেকে ফেভারিট বাছাই করা খুব কঠিন। এটা নির্ভর করে ম্যাচের গতিপ্রকৃতির ওপর। খেলোয়াড়রা কীভাবে চাপ সামলাচ্ছে, ছন্দ ধরে রাখতে পারছে এবং ম্যাচের মুহূর্তগুলো কতটা বুঝতে পারছে…সেটাই ব্যবধান গড়ে দেয়।”
“নিজেদের খেলার ধরন সম্পর্কে বার্সার পরিষ্কার ধারণা আছে। তারা খুব ভালো পারফর্ম করছে। তারা খুবই সাহসী দল। ম্যাচটির জন্য আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।”
ফ্লিকের কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১১টিতেই জিতেছে বার্সেলোনা। রেয়ালও আছে ভালো অবস্থায়। লা লিগায় এখনও ম্যাচ হারেনি তারা। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সমান ৬ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে।
তবে মৌসুমের শুরু থেকে রেয়ালের পারফরম্যান্স নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর তাদের খেলার ধার যেন কমে গেছে। প্রায় ম্যাচেই তাদের মন্থর ও এলোমেলো শুরু নিয়েও আছে দুর্ভাবনার জায়গা।
আবার কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর মানসিকতাও দেখাতে পারছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচেই যেমন, বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৫-২ গোলে জিতেছে রেয়াল। সবগুলো গোলই তারা করেছে দ্বিতীয়ার্ধে।
তবে এভাবে ঘুরে দাঁড়ানো যে সব সময় সম্ভব নয়, তা ভালো করেই জানেন আনচেলত্তি।
রেয়াল কোচ অবশ্য তা নিয়ে খুব একটা চিন্তিত নন। তার বিশ্বাস, ক্লাসিকোর গুরুত্বের কারণে শুরু থেকে প্রস্তুত থাকবে দলের সবাই।
“সাধারণত এই ধরনের ম্যাচ নিয়ে আগে থেকে এত কথা বলতে হয় না... এটা এমন কোনো ম্যাচ নয়, যেটা নিয়ে (খেলোয়াড়দের উজ্জীবিত করার) কথা বলতে হবে। ডর্টমুন্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৯০ মিনিট পর্যন্ত আমরা যেভাবে খেলেছি, (সব সময়) সেরকম খেলা অসম্ভব। আমাদের শুরুটা ওইরকম হওয়া উচিত, যেটা আমরা করার চেষ্টা করব। আমি মনে করি আমরা অনেক কিছুই সঠিকভাবে করেছি।”
“বল পায়ে ও বল ছাড়া সঠিক কাজ করতে আমরা নিজেদের প্রস্তুত করব। জয়ের জন্য আমাদের পরিপূর্ণ একটি ম্যাচ খেলতে হবে এবং আমরা সেটাই করার চেষ্টা করব।”
