২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যস্ত সূচিতে দলের ছন্দে ফেরার আশায় গুয়ার্দিওলা

ম্যানচেস্টার সিটিকে ২৬ দিনে খেলতে হবে ৮টি ম্যাচ।

ব্যস্ত সূচিতে দলের ছন্দে ফেরার আশায় গুয়ার্দিওলা
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 06:27 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

ফুটবলের ঠাসা সূচি নিয়ে মাঝেমধ্যেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় পেপ গুয়ার্দিওলাকে। এবার তার ভাবনাটা একটু ভিন্ন। ম্যানচেস্টার সিটি কোচের বিশ্বাস, সামনের ব্যস্ত সূচিতে পুরনো ছন্দে ফিরবে তার দল।

প্রিমিয়ার লিগে গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হারে সিটি। এবারের আসরে ১২ ম্যাচে যা তাদের চতুর্থ হার, সবশেষ চার ম্যাচের মধ্যে দ্বিতীয়।

২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে আছে গুয়ার্দিওলার দল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে আছে ৭ পয়েন্টে। 

সিটির সামনে এখন ভীষণ ব্যস্ত সূচি। মঙ্গলবার থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত, ২৬ দিনে তাদের খেলতে হবে ৮টি ম্যাচ। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে ২টি, ঘরোয়া লিগে ৫টি এবং ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিগ কাপের কোয়ার্টার-ফাইনাল।

এই যাত্রার শুরুটা হবে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে গুয়ার্দিওলা বললেন, ব্যস্ত সূচির সঙ্গে অভ্যস্ত তারা।

“আমরা এসবের সঙ্গে অভ্যস্ত, এভাবে খেলেই তো আমরা কোয়াড্রপল আর ট্রেবল জিতেছি। আমরা এটাই চাই। ট্রেবল আর কোয়াড্রপল এসেছে শনিবার-মঙ্গলবার, তারপর মঙ্গলবার-শুক্রবার, আবার শুক্রবার-রোববার ম্যাচ খেলে। এটা কোনো সমস্যা নয়।”