বাবাকে মেসির খোলা চিঠি
চিঠির প্রতিটি শব্দে মিশে আছে বাবা-ছেলের সম্পর্কের গভীরতা, পিতার প্রতি সন্তানের ভালোবাসা, বাবাকে হারিয়ে সন্তানের দিশেহারা অবস্থা।
কয়েক দিন আগে হারানো বাবাকে উদ্দেশ করে একটি খোলা চিঠি লিখেছেন লিওনেল মেসি। যে চিঠির প্রতিটি শব্দে মিশে আছে বাবা-ছেলের সম্পর্কের গভীরতা, পিতার প্রতি সন্তানের ভালোবাসা, যে বাবার হাত ধরে জীবনের ও ফুটবলে পথচলা শুরু তাকে হারিয়ে সন্তানের দিশেহারা অবস্থা- সবকিছু।
গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপের আগে থেকেই অসুস্থ ছিলেন মেসির বাবা হোর্হে। হাসপাতালেও ভর্তি ছিলেন অনেক দিন। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর, গত শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৮ বছর বয়সী হোর্হে মেসি।
সেদিন রাতেই স্ত্রী-সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে রোসারিওতে পৌঁছান ইন্টার মায়ামি তারকা মেসি। সেই থেকে ফুটবলের ব্যস্ততা থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি, আছেন পরিবারের সঙ্গে।
মেসির আজকের মহাতারকা হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান তার বাবার। সেটা কেবল শুধু বাবা হিসেবেই নয়, অনেকদিন ছেলের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন হোর্হে।
বার্সেলোনায় শুরুর দিনগুলোতে মেসির সঙ্গে কেবল তার বাবা ছিলেন, পরিবারের সদস্যরা ছিলেন আর্জেন্টিনার রোসারিওতে। সেই থেকে শুরু, ফুটবলের রাজ্যে পরের দীর্ঘ যাত্রায় ছেলের সবচেয়ে বড় সহায় ছিলেন বাবা।
তাই বাবাকে হারিয়ে মেসি যেন কোনো দিশা পাচ্ছেন না। তার মনের সেই কষ্টই ফুটে উঠেছে ইনস্টাগ্রামে প্রকাশিত প্রয়াত বাবাকে লেখা তার চিঠিতে। বাবার সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন মেসি।
রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলারের চিঠিটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।
বাবা, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি চলে গেছো। মানতে পারছি না, মানতে চাইও না। তোমাকে আর কখনও দেখতে পাব না, আর কখনও আমরা কথা বলব না- কল্পনা করতেই কষ্ট হচ্ছে। জানি, তুমি কষ্ট পাচ্ছিলে… কিন্তু তুমি অনেক তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে আরও অনেক আনন্দ করার ছিল।
গত বিশ্বকাপে খেলার জন্য তুমি বারবার বলছিলে এবং (বিশ্বকাপ শুরুর) কয়েক দিন আগেই তুমি খুব অসুস্থ হয়ে পড়লে। এবারই প্রথম, কোনো টুর্নামেন্টে তুমি যাচ্ছিলে না, কিন্তু মা বারবার আমাকে বলছিল তুমি সেরে উঠবে এবং যাত্রা করার মতো অবস্থায় ফিরবে। আমিও বারবার তোমাকে বলেছি যে আমরা ফাইনালে উঠব, তো তুমি যেতে পারবে।
প্রতিটি ম্যাচ শেষ হতো, আর আমি তোমার বার্তার অপেক্ষা করতাম। আর তখনই কঠিন বাস্তবতা বুঝতে পারতাম। তবুও, টুর্নামেন্টে যতদূর সম্ভব এগিয়ে যাওয়ার কথা ভাবতাম, তোমাকে একটা ম্যাচ দেখার সুযোগ করে দিতে। আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি জিততে চেয়েছিলাম, যেন ট্রফিটা তোমার কাছে নিয়ে যেতে পারি এবং নতুন একটা ট্রফি তোমাকে দেখাতে পারি। আমি পারিনি; আমার শরীর আর নিতে পারছিল না। এবার, আমি আমার শারীরিক সক্ষমতার বেশি চেষ্টা করেছি; কিন্তু আমি পারিনি। কখনোই আমি ভালো অনুভব করতে পারিনি।
আমি যখন (তোমার কাছে) এলাম, তুমি ভেবেছিলে আমরা পেনাল্টি শুটআউটে হেরেছি। (ফাইনালে) যা হয়েছে, তা নিয়ে আমরা কথা বলতে পারিনি। তুমি কিছুই উপভোগ করতে পারোনি। আমরা চ্যাম্পিয়ন হইনি; কিন্তু তুমি জানো না আমরা প্রতিটা ম্যাচ কতটা উপভোগ করেছি। আবারও তুমিই ঠিক ছিলে: আমার সেখানে থাকতেই হতো এবং খেলতে হতো।
আমি এখন তোমাকে এটা বলছি, কারণ কেবল এই একটা বিষয়েই আমরা কথা বলতে পারিনি; বাকি সবকিছুই তো তুমি জানো। আমরা প্রতিদিন কথা বলতাম এবং সুযোগ হলেই আমাদের দেখা হতো।
তোমাকে ছাড়া আমি কী করব, জানি না। আমি জানি না, কীভাবে এগিয়ে যাব। সারাজীবন আমি কেবল ফুটবলই খেলেছি, কিন্তু এখন সত্যিই নিজের মনে দ্বিধা কাজ করছে যে আরও অনেকদিন খেলে যেতে পারব কিনা। শুরু থেকেই তুমি আমার পাশে ছিলে: কিন্তু শেষটা খুব কাছেই ছিল। আর কিছুদিন কেন থাকলে না এবং আমরা একসঙ্গে এই অধ্যায়ের ইতি টানতে পারতাম?
আমি জানি, পরিবারকে সুখী দেখাটাই ছিল তোমার জন্য আনন্দের, তোমার স্ত্রী, তোমার সন্তান এবং সবকিছুর ওপরে, অন্যরা যা জানতেও পারেনি, সেটা হলো আমাকে খেলতে দেখা…
যখন আমি খুব ছোট ছিলাম, তখন থেকেই তোমার জন্য বিষয়টা সবসময় একইরকম ছিল। প্রতিদিন কাজ থেকে বাড়ি ফেরার পরই তুমি আমাকে অনুশীলনে নিয়ে যেতে, সবসময়। মাও আমাকে অনেকবার নিয়ে গেছে, কারণ তুমি তখন কাজ করছিলে।
অবশ্যই, তুমি কখনও (আমার) কোনো ম্যাচ মিস করোনি। আমাকে খেলতে দেখে কষ্ট পেয়েছ, আবার উপভোগও করেছ; তবুও কখনও আমার বেশি প্রশংসা করোনি।
তুমি ছিলে একজন বাবা, একজন বন্ধু এবং একজন প্রতিনিধি। প্রতিটি পরিস্থিতিতে তুমি ছিলে, ঠিক যেভাবে থাকা দরকার ছিল এবং তুমি কখনও কোনো বিষয়ে ভুল ছিলে না। কিছু বিষয়ে মতভেদ থাকলেও অথবা তর্ক হলেও, তুমি সবসময় ঠিক ছিলে। শেষ পর্যন্ত, সবকিছু সেভাবেই হতো ঠিক যেমনটা তুমি বলতে।
আমি তোমাকে খুব মিস করব। কিন্তু তুমি সবসময় থাকবে, বিশেষ করে আমার সন্তানদের শিক্ষায়। কারণ, আমি তাদেরকে সেভাবেই সবকিছু শেখাব, ঠিক তুমি যেভাবে আমাকে শিক্ষা দিয়েছ।
শান্তিতে ঘুমাও বাবা এবং ওপর থেকে আমাদের দেখে রেখো যেভাবে এখানে দেখতে। সবকিছুর জন্য ধন্যবাদ।
