‘দিবালা ও দি মারিয়াকে নিয়েই’ আর্জেন্টিনার প্রাথমিক দল
আর্জেন্টিনার পক্ষ থেকে অবশ্য ৪০ জনের এই তালিকা প্রকাশ করা হয়নি।
ঊরুর চোট থেকে পাওলো দিবালার সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ। আনহেল দি মারিয়াকে ঘিরেও আছে অনিশ্চয়তা। তারপরও দুজনকেই কাতার বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় এবারের বৈশ্বিক আসরের জন্য শুক্রবারের মধ্যে ৩২ দলকেই ৩৫ থেকে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিতে হবে।
ফিফার নিয়মানুযায়ী, এই তালিকা প্রকাশ করতে বাধ্য নয় কোনো পক্ষ। তালিকায় থাকা খেলোয়াড়দের ক্লাবগুলোকেও আপাতত জানানোর প্রয়োজন নেই। আর্জেন্টিনা কর্তৃপক্ষও তাই প্রকাশ করেনি তালিকা। তবে টিওয়াইসি স্পোর্টসের দাবি, স্কালোনির ৪০ জনের এই তালিকা দেখার সুযোগ হয়েছে তাদের।
তালিকার নামগুলো নিয়ে প্রশ্নের অবকাশ নেই। যা একটু আলোচনা আছে তা দিবালা ও দি মারিয়া ঘিরে থাকা অনিশচয়তার কারণেই।
এ মাসের প্রথম সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাকাবি খাইফার বিপক্ষে ইউভেন্তুসের ম্যাচ চলাকালীন ঊরুতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়েন দি মারিয়া। স্ক্যান রিপোর্টে ৩৪ বছর বয়সী মিডফিল্ডারের ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে লো গ্রেড ক্ষত ধরা পড়ে।
পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাইরে থাকতে হবে তাকে। তাই কত দ্রুত তিনি পুরোপুরি ম্যাচ ফিটনেস এবং ছন্দ ফিরে পান, সেটাই দেখার বিষয়।
দিবালার সমস্যা অবশ্য বেশ গুরুতর। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি তার ক্লাব রোমা। তবে বিশ্বকাপের আগে তার ফেরার খুব একটা সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।
গত বছর কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা টানা ৩৫ ম্যাচ ধরে অপরাজিত থেকে বিশ্বকাপে খেলতে যাচ্ছে। লিওনেল মেসির নেতৃত্বে দলটির আক্রমণভাগে নিয়মিতরা সবাই আছেন। জায়গা হয়নি পিএসজি থেকে ধারে গালাতাসারাইয়ে যোগ দেওয়া স্ট্রাইকার মাউরো ইকার্দির।
আগামী ২০ নভেম্বরে শুরু হবে বিশ্বকাপ। তার আগে ১৪ নভেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে।
এখন ঘোষিত প্রাথমিক দল থেকেই ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড দিতে হবে দেশগুলোর। তবে কেউ চোট পেয়ে ছিটকে গেলে তার বদলি হিসেবে প্রয়োজনে তালিকার বাইরে থেকে যোগ করা যাবে।
বিশ্বকাপে আর্জেন্টিনা লড়বে ‘সি’ গ্রুপে। সেখানে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।
