২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগা ফেমিনায় ৪৬ ম্যাচের অজেয় যাত্রা থামল বার্সার

লেভান্তের বিপক্ষে ২-১ গোলে হেরেছে স্পেনের সফলতম দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 05:18 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

গোলের জন্য ৪৭টি শট নিয়েও লিগা ফেমিনায় অজেয় যাত্রা ধরে রাখতে পারল না বার্সেলোনা। তাদের আক্রমণের বন্যা রুখে দিয়ে স্মরণীয় এক জয় তুলে নিল লেভান্তে। দেশের শীর্ষ লিগে ৪৬ ম্যাচ পর হারল বার্সেলোনার মেয়েরা।  

ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে শনিবার ২-১ গোলে জিতেছে লেভান্তে।

৫০তম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন মারিয়া আলহারিয়া। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান বাড়ান ইভোন চাকুন। 

পরের মিনিটে ব্যবধান কমান ফ্রিদোলিনা রলফো। এরপর আইনোয়া বাসকুনার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় লেভান্তে।

তবে সেই সুযোগ কাজে লাগানোর যথেষ্ট সময় পায়নি বার্সেলোনা। 

২০২৩ সালের মে মাসের পর লিগা ফেমিনায় এটাই বার্সেলোনার প্রথম হার। সেবার নিজেদের মাঠে জিতেছিল মাদ্রিদ সিএফএফ।

২০১৯ সাল থেকে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে খেলছে বার্সেলোনা। লিগে ঘরের মাঠে এটাই তাদের প্রথম হার।

অভাবনীয় জয় পাওয়া লেভান্তে ১৬ দলের আসরে আছে ১৫ নম্বরে। তাদের পয়েন্ট ১৩। ৪৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বার্সেলোনা। 

চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটা বার্সেলোনার দ্বিতীয় হার। প্রথম পরাজয় ছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে; তবে ওই ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়ে গ্রুপ সেরা হয়েই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।

গত মৌসুমে ৩০ ম্যাচে অপরাজিত থেকে লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা। এই মৌসুমে প্রথম ১৬ ম্যাচেই জয় পায় দলটি।