Published : 20 Oct 2025, 05:58 PM
সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট কাভা কাপ ঘিরে মূলত দুটি লক্ষ্য বাংলাদেশের। প্রথমত, লম্বা সময় আন্তর্জাতিক ম্যাচ না খেলায় বৈশ্বিক র্যাঙ্কিংয়ে হারানো জায়গা ফিরে পাওয়া। আর ছয় দল নিয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় সেরা হওয়া।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার শুরু হবে প্রতিযোগিতাটি। স্বাগতিক বাংলাদেশসহ মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান অংশ নিচ্ছে এবারের আসরে।
২০১৬ সালের কাভা কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ সালেও সেরা হয়েছিল বাংলাদেশ, তবে ওই আসর ছিল অনূর্ধ্ব-২৩ দল নিয়ে।
বৈশ্বিক ভলিবলের বর্তমান র্যাঙ্কিংয়ে আছে ১০১টি দেশ। তবে ২০২৩ সালের পর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় বাংলাদেশ নেই র্যাঙ্কিংয়ে। রোববারের সংবাদ সম্মেলনে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ঘুরে ফিরে বললেন, র্যাঙ্কিংয়ে ফেরার লক্ষ্য।
আসছে এসএ গেমসের (দক্ষিণ এশিয়ান গেমস) প্রস্তুতি উপলক্ষে জাপান থেকে রায়ান মাসাজেদিকে কোচ করে আনা হয়েছে। মাত্র এক মাসের প্রস্তুতিতে কাভা কাপ নিয়ে লক্ষ্যের প্রশ্নে এই কোচ দিলেন কৌশলী উত্তর।
“আমরা এক মাস আগে প্রস্তুতি শুরু করেছি। দলে সিনিয়র খেলোয়াড় আছে, অনেকে আবার জুনিয়র, যাদের আন্তর্জাতিক পর্যায়ে ১০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে; অবশ্য এগুলোকে আমি অজুহাত হিসেবে দেখাচ্ছি না। শিরোপা জেতা কঠিন, তবে আমরা চেষ্টা করব ট্রফি জেতার।”
“কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে, তারাই শিরোপা জিতবে। এখানে তুর্কমেনিস্তান ভালো দল। আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগিয়ে যাব।”
উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে মালদ্বীপের। এরপর ২৪ অক্টোবর নেপাল, ২৪ অক্টোবর শ্রীলঙ্কা, ২৬ অক্টোবর তুর্কমেনিস্তান ও ২৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে স্বাগতিকরা।