২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদের ‘সঙ্কট’ নিয়ে কথা বলতে চান না বার্সেলোনা কোচ

ক্লাসিকোর আগে শুধু নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার কথা বললেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

রেয়াল মাদ্রিদের ‘সঙ্কট’ নিয়ে কথা বলতে চান না বার্সেলোনা কোচ
হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 08:25 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রেয়াল মাদ্রিদের, সেটা মাঠের ভেতরে হোক কিংবা বাইরে। বিশেষ করে ড্রেসিং রুমে অহেলিয়া চুয়ামেনি ও ফেদে ভালভের্দের ‘মারামারিতে’ জড়িয়ে পরার ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। তবে এসব নিয়ে কথা বলতে আগ্রহী নন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। শুধু নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার কথা বললেন তিনি।

মৌসুমের শেষ ক্লাসিকোয় রোববার ঘরের মাঠে রেয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হার এড়াতে পারলেই লা লিগা শিরোপা ধরে রাখা নিশ্চিত হয়ে যাবে কাতালান দলটির।

কিন্তু সপ্তাহজুড়ে রেয়াল মাদ্রিদে যা ঘটেছে, তাতে অনেকটা আড়ালে পড়ে গেছে ক্লাসিকোর উত্তাপ। শনিবার সংবাদ সম্মেলনে এসব নিয়ে প্রশ্নে গভীরে যেতে চাইলেন না ফ্লিক।  

“আমি রেয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার কাজ নয়। এসব সারা বিশ্বেই ঘটে। আমি হয়তো কিছুটা অবাক হয়েছিলাম, কিন্তু আমাকে আমার ক্লাব ও আমার দল নিয়ে ভাবতে হবে। এর বেশি কিছু আমি বলতে পারব না।”

“আমাদের যা করতে হবে, তা হলো খেলা এবং নিজেদের খেলায় মনোযোগ দেওয়া। আমরা দারুণ একটি মৌসুম কাটাচ্ছি এবং আগামীকালও তা দেখতে চাই। আমি জানি উত্তেজনা তুঙ্গে। আমরা দল হিসেবে, ইউনিট হিসেবে খেলতে চাই। আমি অন্য কোনো কিছু নিয়ে ভাবছি না।”

তার নিজের দলের ড্রেসিং রুমের পরিবেশ খুব ভালো আছে বলেই জানালেন বার্সেলোনা কোচ।

“আমি আগেও যেমন বলেছি, আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। লা মাজিয়া (বার্সেলোনার একাডেমি) এটিকে স্পেশাল করে তুলেছে, কারণ এখানে এমন খেলোয়াড়রা আছে, যারা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছে। খেলোয়াড়দের ধারাবাহিক উন্নতি দেখতে পারা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি বলতে চাই না যে লকার রুমে কোনো সমস্যা হবে না, কারণ এমনটা হয়েই থাকে। কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে চমৎকার যোগাযোগ রয়েছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ।”