আতলেতিকোর বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত বার্সেলোনা
বার্সেলোনার সামনে লা লিগার শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ, তাদের টপকে যাওয়ার হাতছানি আতলেতিকোর।
লা লিগায় সময়টা ভীষণ বাজে কাটছে বার্সেলোনার। যদিও পয়েন্ট টেবিলে এখনও তারা শীর্ষেই আছে। তবে একের পর এক ম্যাচে হোঁচট খাওয়ায় পয়েন্টের হিসাবে তাদের ধরে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। দিয়েগো সিমেওনের দলের বিপক্ষেই এবার খেলতে হবে কাতালানদের। ম্যাচটি যে কঠিন হতে যাচ্ছে, জানেন হান্সি ফ্লিক। তবে এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার কথাই বললেন বার্সেলোনা কোচ।
বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হবে শিরোপাপ্রত্যাশী দুই দল। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
এই মৌসুমে লা লিগায় প্রথম ১২ ম্যাচের ১১টিই জেতা বার্সেলোনা তাদের পরের ৬ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটি। এই ৬ ম্যাচের তিনটিতে তারা হেরেছে, ড্র করেছে দুটি।
অন্যদিকে দারুণ ছন্দে আছে আতলেতিকো। লিগে সবশেষ ছয় ম্যাচের সবকটি জিতেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচের প্রতিটিতে তারা মাঠ ছেড়েছে জয়ের হাসিতে।
লিগে ১৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৩৮। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে আতলেতিকো দুইয়ে, ৩৭ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ তিনে আছে। মাদ্রিদের দুই দল একটি করে ম্যাচ কম খেলেছে।
বার্সেলোনার সামনে শীর্ষস্থান ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ। তাদেরকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি আতলেতিকোর সামনে। বার্সেলোনার মাঠে নিজেদের সবশেষ ১৮ লিগ ম্যাচে জিততে পারেনি মাদ্রিদের দলটি। সেই দীর্ঘ খরা কাটানোরও ভালো সুযোগ এবার।
ফ্লিক খুব সতর্ক আতলেতিকোকে নিয়ে। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে নিজেরা প্রস্তুত থাকার কথাই বললেন এই জার্মান কোচ।
“আমরা সেরা দলের বিপক্ষে খেলব। তারা টানা ১১ ম্যাচ জিতেছে। ম্যাচটা কঠিন হবে, তবে লড়াইটা হবে দারুণ। আমরা প্রস্তুত।”
“আমরা কিছু পয়েন্ট হারিয়েছি। সবশেষ লেগানেস ও লাস পালমাসের বিপক্ষে ম্যাচ কঠিন ছিল। ফুটবলে যে দল কম ভুল করে, তারাই জয়ী হয়। আমি বলতে পারি, আমাদের দলটা সবসময়ই তরুণ এবং আমাদের উন্নতি করতে হবে। আমরা মৌসুমের শেষ পর্যন্ত লড়াই করব। আমরা জানি, কাজটা সহজ হবে না।”
ঘরের মাঠে সবশেষ দুটি লিগ ম্যাচেই হেরেছে বার্সেলোনা। সবশেষ লেগানেসের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। চোটে বাইরে আছেন দলের আরও কয়েকজন ফুটবলার।
বাস্তবতা মেনে নিয়েই শিরোপা জিততে মৌসুমের শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয় ফ্লিকের।
“আমরা পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি। আমি মনে করি দল অনেক উন্নতি করেছে এবং আমরা কী অর্জন করতে চাই, সেদিকে তারা মনোযোগী। আমাদের মৌসুমের শেষ পর্যন্ত লড়াই করতে হবে। আমরা শিরোপা জিততে চাই, কিন্তু তা সহজ নয়। আমরা আগামীকাল (শনিবার) থেকে প্রতিটি ম্যাচেই লড়ব।”
