২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনা না করে সমর্থকদের উপভোগের বার্তা আর্সেনাল কোচের

মিকেল আর্তেতার মতে, তার দলকে নিয়ে সমালোচনা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে।

সমালোচনা না করে সমর্থকদের উপভোগের বার্তা আর্সেনাল কোচের
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 05:46 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

মৌসুমের শেষ ভাগে এসে আর্সেনালের ছন্দপতন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে তুমুল আলোচনা-সমালোচনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে স্পোর্তিং লিসবনের বিপক্ষে তাদের বিবর্ণ পারফরম্যান্সে তা আরও বেড়েছে। তবে সমালোচনা না করে সমর্থকদের দলের বর্তমান অবস্থাকে উপভোগ করতে বলেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বুধবার পুরো ম্যাচেই বাজে ফুটবল খেলে আর্সেনাল। গোলের জন্য ১৫টি শট নিয়ে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে তারা। স্পোর্তিংয়েরও আট শটের একটি লক্ষ্যে ছিল।

ধারহীন ফুটবল খেলা দুই দলের কেউই পায়নি জালের দেখা। গোলশূন্য ড্র হয় ম্যাচটি। প্রথম লেগের ১-০ গোলের জয়ে স্পোর্তিংকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নেয় আর্সেনাল।

ইউরোপ সেরার প্রতিযোগিতায় এই প্রথম টানা দুইবার শেষ চারে উঠল ইংলিশ ক্লাবটি। 

প্রিমিয়ার লিগে শীর্ষে আছে আর্সেনাল। তবে সবশেষ কয়েকটি ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সে তাদের ছয় বছরের শিরোপা কাটানোর সম্ভাবনা নিয়ে উঠছে প্রশ্ন। লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে যায় তারা। এফএ কাপ থেকে বিদায় নেয় চ্যাম্পিয়নশিপের দল সাউথ্যাম্পটনের বিপক্ষে হেরে। এরপর সবশেষ লিগ ম্যাচে বোর্নমাউথের সঙ্গে পায় হারের তেতো স্বাদ।

হুট করে পারফরম্যান্সে ধস নামায় আর্সেনালকে নিয়ে চলছে চর্চা, যা ভালো লাগছে না আর্তেতার। দলের বাজে সময়ের সমালোচনা প্রসঙ্গে ২০২১-২২ মৌসুমের ওপর নির্মিত অ্যামাজন ডকুমেন্টারি ‘অল অর নাথিং’-এর প্রসঙ্গ টেনে আনেন আর্তেতা। সেখানে তুলে ধরা হয়েছিল, আর্সেনালের প্রবল সমালোচনার শিকার হওয়ার বিষয়টি। 

সাম্প্রতিক পারফরম্যান্সের পর তাদের প্রতি সমালোচনা কিছুটা বাড়াবাড়ি পর্যায়ের হয়ে যাচ্ছে বলে মনে করছেন আর্তেতা।

“এই মৌসুমেও যদি আর্সেনালকে নিয়ে ডকুমেন্টারি করা হতো, গত ৪৮ ঘণ্টার চিত্র যদি ধারণ করা হতো, তাহলে আমাদের নিয়ে কী সব বলা হয়েছে সেটা জানা যেত। এরপর জুলাইয়ে যখন আমরা সেটি দেখতাম, তখন নিজেদেরই প্রশ্ন করতাম, আর্সেনালের অবস্থান কোথায়?”

“আমার মনে হয়, সমালোচনার ধরন দেখে সবাই বলত, দলটা মনে হয় তলানির দিকে তিন নম্বরে আছে। আসলে আমরা কী নিয়ে কথা বলছি? দয়া করে, ক্লাব হিসেবে আমরা এখন যেখানে আছি, সেটা উপভোগ করুন। কেউ সেটা করতে না চাইলে, তার ব্যাপার। আমরা সময়টা উপভোগ করছি। খেলোয়াড় ও সমর্থকরা যা করছে, তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাদের।”

এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায়নি আর্সেনাল। গত মৌসুমে সেমি-ফাইনালের দুই লেগেই পিএসজির বিপক্ষে হেরে যায় তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ।