২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা জিততে পারতাম’, বললেন হামজা

অভিষেক ম্যাচটা জয়ে রাঙানো হলো না বলে হতাশ নন হামজা চৌধুরী, তবে তার মতে বাংলাদেশের জন‍্য দিনটি ছিল বাজে।

‘আমরা জিততে পারতাম’, বললেন হামজা
আন্তর্জাতিক ফুটবলে অভিষেকে নজরকাড়া পারফরম‍্যান্স উপহার দিয়েছেন হামজা চৌধুরী। ছবি: বাফুফে

বিডিনিউজ২৪

মোহাম্মদ জুবায়ের, শিলং থেকে

Published : 25 Mar 2025, 11:22 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

ম্যাচ শেষের বাঁশি বাজল। ডাগআউটের কোণে একসাথে সেলফি তুললেন দলের সবাই। দূর থেকে বোঝার উপায় ছিল না, বাংলাদেশের জার্সিতে অভিষেকটা জয়ের রঙে রঙিন হলো না বলে কষ্ট আছে কিনা। 

ওই সেলফি তুলে যখন সতীর্থদের সাথে ড্রেসিংরুমের দিকে পা বাড়ালেন হামজা, একটু দূর এগিয়ে ফিরে এলেন স্ট্যান্ডের দিকে। সেখানে ছিলেন ম্যাচের আগে শিলংয়ে আসা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ বাফুফের কর্মকর্তাদের অনেকে। 

দূর থেকে হাত নাড়িয়ে, সৌজন্যতা দেখিয়ে হামজা ফের হাঁটা ধরলেন ড্রেসিংরুমের পথে। তখন দেখা গেল অন্য এক দৃশ্য। ফয়সাল আহমেদ ফাহিম কি যেন বোঝাচ্ছিলেন ভারতের বিপক্ষে খেলার সুযোগই না পাওয়া নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়াকে। তপু বর্মন কথা বলছিলেন হামজার সাথে কোনো একটা বিষয় নিয়ে। খুব একটা উচ্ছ্বসিত মনে হলো না কাউকেই।

হামজার খুব খুশি হওয়ার কারণও নেই। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে একাধিক সুযোগ নষ্টের মাশুল দিয়েছে বাংলাদেশ। গোলশূন্য সমতায় শেষ হয়েছে ম্যাচ। তাতে হামজার অভিষেকের রঙটাও হয়নি জয়ের আনন্দে রঙিন।

মিক্সড জোন দিয়ে টিম হোটেলে ফেরার পথে গণমাধ্যম কর্মীদের প্রবল দাবির মুখে অল্প কিছু কথা বলতে রাজি হলেন হামজা। সেখানেই জয় না পাওয়ার হতাশা আড়াল করেননি শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

“আমরা আজ জিততে পারতাম, কিন্তু ফুটবলে এরকম মিস হয়েই থাকে। ইংলিশ প্রিমিয়ার লিগেও হয় এরকম। আমাদের এটা বাজে দিন ছিল।

“আমি আমার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি। (বাংলাদেশের হয়ে খেলতে পেরে) আমি খুবই গর্বিত। গত পাঁচদিন এই দলের সঙ্গে খুবই ভালো সময় কেটেছে।”