এমবাপেকে ছাড়াও শক্তিশালী ফ্রান্স, মনে করেন ডাচ গোলরক্ষক
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে নাক ভেঙে যাওয়া কিলিয়ান এমবাপের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ফ্রান্সকে নিয়ে সতর্ক নেদারল্যান্ডস।
নাক ভেঙে যাওয়ায় কিলিয়ান এমবাপের নেদারল্যান্ডসের বিপক্ষে না খেলার সম্ভাবনা আছে। তবে এই সম্ভাবনায় আত্মহারা হতে চান না বার্ট ভেরব্রুখেন। ডাচ গোলরক্ষক তাই সতীর্থদের সতর্ক বার্তা দিলেন। বললেন, এমবাপে খেলুক বা না খেলুক, ফ্রান্স শক্তিশালী দল।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘ডি’ গ্রুপের ম্যাচে আগামী শুক্রবার মুখোমুখি হবে এই দুই দল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছে নেদারল্যান্ডস। অস্ট্রিয়ার বিপক্ষে প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবাদে ১-০ ব্যবধানে জিতে শুভসূচনা পেয়েছে ফ্রান্স।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে এমবাপের নাক ভেঙে যায়। তবে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডের নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা যদিও কাটেনি এখনও।
ইএসপিএন সূত্রের বরাত দিয়ে লিখেছে, ডাচদের বিপক্ষে খেলতে পারবেন না এমবাপে।
এবারের ইউরো বাছাইপর্বে দুই লেগেই ডাচদের ফরাসিরা হারিয়েছিল এমবাপের কাঁধে সওয়ার হয়ে। দুই লেগে যথাক্রমে ৪-০ ও ২-১ গোলে জিতেছিল প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়নরা। দুই ম্যাচেই দুইবার করে জালের দেখা পেয়েছিলেন পিএসজি ছেড়ে কদিন আগে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপে।
তারকা এই ফরোয়ার্ডের অনুপস্থিতি ডাচদের জন্য তাই স্বস্তির কারণ হতে পারে। তবে ভেরব্রুখেন বিষয়টি সেভাবে ভাবতে চাইছেন না। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ২১ বছর বয়সী এই গোলরক্ষকের কণ্ঠে ফরাসিদের নিয়ে সমীহের সুরই শোনা গেল।
“সে (এমবাপে) খেলবে কি খেলবে না, এটা কোনো ব্যাপার নয়। তাদের আরও অনেক ভালো ফরোয়ার্ড আছে এবং ফ্রান্স আসলেই ভালো দল। তবে ফ্রান্স নিয়ে আমরা ভীত নই। তাই সে থাকুক কিংবা না থাকুক, (আমাদের পরিকল্পনায়) সেটা কোনো পার্থক্য গড়বে না।”
গত অক্টেবরে নিজেদের মাঠে ফ্রান্সের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে অভিষেক হয় বার্টের। ওই ম্যাচে এমবাপের কাছে দুইবার পরাস্ত হয়েছিলেন তিনি। তবে নেদারল্যান্ডসের বেশি চিন্তার জায়গা হতে পারে, তাদের হজম করা সবশেষ দুই গোলের উৎস সেট-পিস।
হামবুর্গে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে অ্যাডাম বুকসা কর্নার থেকে হেডে ডাচদের জালে বল জড়িয়েছিলেন। একইভাবে গত মার্চে ফ্রাঙ্কফুর্টের প্রীতি ম্যাচে জার্মানির নিকলাস ফুয়েলখুগ করেছিলেন গোল। তবে সেট-পিস নিয়ে দুর্ভাবনা থাকলেও বার্ট আস্থা রাখছেন নিজেদের রক্ষণে।
“এই বিষয় নিয়ে হোটেলে কথা বলার জন্য আমরা অনেক সময় পেয়েছিলাম এবং আমরা কথাও বলেছি। কিন্তু বিষয়টি নিয়ে আমাদের খুব বেশি ভাবার কিছু নেই। কেননা, আমরা অনেক কর্নারও সফলভাবে মোকাবিলা করেছি।”
