২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নরওয়ের শিশুদের এখন অন‍্য দেশকে সমর্থন করতে হবে না’

বেড়ে ওঠার সময়টায় বিশ্বকাপে নরওয়ের অনুপস্থিতিতে কষ্ট পাওয়ার কথা বললেন এই তারকা স্ট্রাইকার।

‘নরওয়ের শিশুদের এখন অন‍্য দেশকে সমর্থন করতে হবে না’
আর্লিং হলান্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 07:10 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

নরওয়ে সবশেষ যখন বড় কোনো টুর্নামেন্টে খেলে, তখনও জন্মই হয়নি আর্লিং হলান্ডের। ২০০০ সালের ইউরো শেষ হওয়ার ১৯ দিন পর জন্ম তার। বিশ্বকাপে নরওয়ে সবশেষ খেলে ১৯৯৮ সালে, ফ্রান্স আসরে। বেড়ে ওঠার সময়টায় তাই ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টে নিজ দেশের খেলা দেখার সুযোগ মেলেনি তার। প্রতিবার সমর্থন করেছেন অন‍্য কোনো দেশকে। ২৮ বছর পর দেশকে বিশ্বকাপে ফিরিয়ে হলান্ডের তৃপ্তি, তার মতো করে বড় হতে হবে না বর্তমান প্রজন্মকে।  

চারবারের চ‍্যাম্পিয়ন ইতালিকে পেছনে ফেলে নিজেদের গ্রুপ থেকে সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয় নরওয়ে। এতে সবচেয়ে বড় ভূমিকা ছিল বাছাইপর্বে গোলের বন‍্যা বইয়ে দেওয়া হলান্ডের। 

ফিফার সঙ্গে আলাপচারিতায় বেড়ে ওঠার সময়টায় বিশ্বকাপে অন‍্য দলকে সমর্থন, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র আসরে তার বাবা আলফ-ইঙ্গসের খেলাসহ নানা বিষয়ে কথা বললেন সদ‍্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জেতা হলান্ড। 

“বিষয়টা নিয়ে কথা বলা অস্বস্তিকর নয়, তবে এটা ছিল দীর্ঘ অপেক্ষা। দীর্ঘ দিন ধরে আমরা চেষ্টা করেছি; কিন্তু সফল হইনি। এটা হবে না, এতে আমরা যেন অভ‍্যস্থ হয়ে গিয়েছিলাম। আমি কখনও নরওয়েকে বিশ্বকাপে খেলতে দেখিনি।”

অস্ট্রিয়া, জার্মানি, ইংল‍্যান্ড যেখানেই খেলেছেন, শিরোপা জিতেছেন হলান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছেন তিনটি গোল্ডেন বুট। ২০২৪ সালে ছিলেন ফিফার সেরা একাদশে। তার সিভিতে অনুপস্থিত কেবল বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ। সবঠিক ঠিক থাকলে সেটাও হয়ে যাবে এবার। 

বাছাইপর্বে যৌথভাবে রেকর্ড ১৬ গোল করেন হলান্ড। তার কাছে এই সব গোল গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো নরওয়ের অর্জন- বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ফেরা।

“ব‍্যক্তিগতভাবে আমার জন‍্য এটা অনেক বড় ব‍্যাপার। অনেকদিন ধরে আমি বলে এসেছি, আমার বড় লক্ষ‍্য হলো নরওয়েকে বিশ্বকাপে নিয়ে যাওয়া। আমি সেই চেষ্টাই করেছি। শেষ পর্যন্ত সেটা হয়েছে, এর জন‍্য আমি ভীষণ খুশি। আর পরবর্তী পর্যায়ের জন‍্য ভীষণ রোমাঞ্চিত। আমাদের দেশের সবার জন‍্য এটা স্বস্তির এবং আনন্দের।”

“ছোট বেলায় আমি বিশ্বকাপে কখনও দেশকে খেলতে দেখিনি। তাই নরওয়ের এখনকার শিশুদের এই অভিজ্ঞতার (বিশ্বকাপে নিজ দেশকে দেখা) জন‍্য আমি ভীষণ খুশি। কারণ, ছোটবেলায় নরওয়েকে বিশ্বকাপে খেলতে দেখলে আমার ভালো লাগতো। যখনই আমি বিশ্বকাপ দেখতাম, অন‍্য দেশকে সমর্থন করতে হতো। তাই এখন ব্যাপারটা দারুণ হবে।”   

উত্তর আমেরিকার এবারের আসরে নরওয়ে গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম‍্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। ১৯৯৪ সালে এই দেশেই বিশ্বকাপে খেলেছিলেন এই তারকা স্ট্রাইকারের বাবা আলফ-ইঙ্গস হলান্ড। জায়ান্টস স্টেডিয়ামে ইতালির বিপক্ষে ১-০ ব‍্যবধানে হেরে যাওয়া ম‍্যাচটিতেও মাঠে ছিলেন তিনি। সেই মাঠই ভেঙে গড়া হয়েছে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। এখানেই সেনেগালের মুখোমুখি হবে নরওয়ে। ম‍্যাচটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত হলান্ড। 

“আমরা (১৯৯৪ যুক্তরাষ্ট্র আসর) নিয়ে কথা বলেছি। তিনি বলেছিলেন, এটা ছিল তিনটা ফাইনালের মতো। যেখানে একজন নিজেকে উজাড় করে খেলে। আর এ কারণেই সবসময় বিশ্বকাপে দেখবেন, কোনো ছোট একটা দল টুর্নামেন্টের সেরা দলগুলোর একটিকে হারিয়ে দিচ্ছে। কারণ, সবাই দেশের জন‍্য এমনভাবে খেলে যেমনটা আগে কখনও করেনি। আপনার সামনে তিন ম‍্যাচ আছে এবং যদি এখানে পারফরম করতে না পারেন, তো আপনি ছিটকে যাবেন। এটা খুবই স্বাভাবিক, কিন্তু কঠিনও।”

“আমার মনে আছে, মায়ের সঙ্গে এটা নিয়ে কথা বলেছিলাম। তিনি গ‍্যালারিতে ছিলেন, ম‍্যাচের আগে স্নায়ু চাপে ছিলেন। এটা বিশাল ব‍্যাপার। বড় স্টেডিয়াম, ইতিবাচক দর্শক উপস্থিতি এবং অনেক মানুষের ভিড়ে ভিন্ন ধরনের আবহ, যেটা আমি ফুটবলে খুবই পছন্দ করি। এটা মানুষকে ঐক‍্যবদ্ধ করে, কেবল স্টেডিয়ামে নয়, দেশ ও সারা বিশ্বে, টিভির সামনে এবং সবর্ত্রই।”  

২৮ বছর পর যখন ইরাকের বিপক্ষে নিজেদের প্রথম ম‍্যাচ খেলতে নামবে নরওয়ে, সেই সময়টা কী এখন কল্পনা করতে পারেন হলান্ড। 

“স্বপ্ন সত‍্যি করার মতো একটা অনুভূতি হবে। আপনি জানেন, এটা অনেক বেশি স্পেশাল, কারণ এই অভিজ্ঞতা আমার নেই। তাই এটা হবে আকর্ষণীয় এক অনুভূতি ও অভিজ্ঞতা…কখনও এমন অভিজ্ঞতা হয়নি আমার। আমি সেই লক্ষ্যেই আছি- এটা হবে বিস্ময়কর।”