২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রি-কিকে প্রথম গোল: অনুশীলনের গোলই ম্যাচে করে দেখালেন এমবাপে

পেশাদার ক্যারিয়ারে প্রথমবার ফ্রি-কিক থেকে গোল করলেন কিলিয়ান এমবাপে, ম্যাচের পর আড়ালের ঘটনা তুলে ধরলেন কোচ কার্লো আনচেলত্তি।

ফ্রি-কিকে প্রথম গোল: অনুশীলনের গোলই ম্যাচে করে দেখালেন এমবাপে
ফ্রি-কিক থেকে এভাবেই জালে বল পাঠালেন কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2025, 11:28 AM

Updated : 26 Aug 2026, 12:23 PM

‘হ্যাজ এমবাপে স্কোরড আ ফ্রি-কিক?’, সামাজিক মাধ্যমে এরকম পাতা আছে বেশ কিছু। কিলিয়ান এমবাপে যে ফ্রি-কিক থেকে গোলই করতে পারেননি। শনিবার রাত থেকে সেই পাতাগুলোয় প্রশ্নের ধরন পাল্টে গেছে। এমবাপে অবশেষে ফ্রি-কিক থেকে গোলের দেখা পেয়েছেন! 

লা লিগায় শনিবার লেগানেসের বিপক্ষে এমবাপের জোড়া গোলের দ্বিতীয়টি ছিল ফ্রি-কিক থেকে। তার দুর্দান্ত শটেই ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় রেয়াল মাদ্রিদ।

ম্যাচে যখন ২-২ সমতা, তখন গোলটি করেন এমবাপে। অবিশ্বাস্য হলেও সত্যি, এমবাপের প্রায় ১০ বছরের পেশাদার ক্যারিয়ারের প্রথম ফ্রি-কিক গোল এটি। 

৭৬তম মিনিটে লেগানেসের বক্সের একটু বাইরে ফ্রি-কিকে শুরুতে আলতো টোকায় এমবাপে বল দেন পাশে থাকা ফ্রান গার্সিয়াকে। এই লেফট ব্যাক স্রেফ বুট দিয়ে বল থামান। এমবাপে চোখের পলকে শট নেন বুলেট গতিতে। সেই গোলা আশ্রয় নেয় জালে।

সামাজিক মাধ্যমের ওই পাতাগুলোয় এখন বলাবলি হচ্ছে, সরাসরি ফ্রি-কিক থেকে গোল কবে দেবেন এমবাপে! এবারের গোলটি ফ্রি-কক থেকে হলেও এটা ছিল গার্সিয়ার সহায়তায় ‘ইনডিরেক্ট ফ্রি-কিক।’

তবে যেটিই হোক, ফ্রি-কিক থেকে গোল তো! 

ম্যাচের পর কোচ কার্লো আনচেলত্তি বললেন, আগের দিন অনুশীলনে ঝলক দেখিয়েই ম্যাচে সেটির পূর্ণতা দিয়েছেন এমবাপে। 

“গতকাল সে (অনুশীলনে) এটা চেষ্টা করেছে। তখন বেশ ভালো করেছে। এজন্য আজকে ম্যাচেও চেষ্টা করতে চেয়েছিল। আমরা তার ওপর ভরসা রেখেছি।”

এমবাপে নিজে অবশ্য এই গোলে একার কৃতিত্ব নিতে চাইলেন না। 

রেয়াল মাদ্রিদে শুরুটা ভালো না হলেও এখন দুর্দান্ত পারফরম্যান্সে নায়ক এমবাপে। ছবি: রয়টার্স।

রেয়াল মাদ্রিদে শুরুটা ভালো না হলেও এখন দুর্দান্ত পারফরম্যান্সে নায়ক এমবাপে

“অনুশীলনে এটা নিয়ে কাজ করেছি কোচিং স্টাফদের নিয়ে। জানতাম, যদি একইভাবে শট নিতে পারি… একটু জায়গা পেয়েছিলাম… শেষ পর্যন্ত ভালোভাবে হয়েছে। এটা দলীয় একটি প্রচেষ্টা… কোচিং স্টাফরাও সম্পৃক্ত।”

এই দুই গোলে চলতি মৌসুমে লা লিগায় এমবাপের গোল হলো ২২টি। শীর্ষে থাকা রবের্ত লেভানদোভস্কি এগিয়ে আছেন স্রেফ এক গোলে। 

সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপের গোল এবার ৩৩টি। রেয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমেই সবচেয়ে বেশি গোলের তালিকায় তিনি স্পর্শ করেছেন তার আদর্শ ক্রিস্তিয়ানো রোনালদো ও সাবেক ডাচ তারকা রুড ফন নিস্টলরয়কে। ৩৭ গোল করে রেয়ালে সফলতম অভিষেক মৌসুমের কীর্তি চিলির গ্রেট ইবান সামোরানোর। সেই রেকর্ড নিজের করে নেওয়া এমবাপের জন্য এখন বলা যায় কেবল সময়ের ব্যাপার। 

মৌসুমের প্রথমভাগে অবশ্য পিএসজি থেকে এসে মানিয়ে নিতে ধুঁকছিলেন এমবাপে। তার সমালোচনাও ছিল প্রচুর তখন। ডিসেম্বরের মাঝামাঝি এরকমই হতাশাময় এক ম্যাচ শেষে ২৬ বছর বয়সী তারকা বলেছিলেন, “সময়টা কঠিন। তবে এখনই সেরা সময় পরিস্থিতি বদলানোর এবং দেখিয়ে দেওয়ার, আমি কে।” 

এরপর থেকে সত্যিই তিনি দেখিয়ে চলেছেন। ওই মন্তব্যের পর গোল করেছেন ২২টি। 

তার এমন অপ্রতিরোধ্য ছুটে চলায় সন্তুষ্ট কোচ আনচেলত্তিও। 

“সে খুব ভালো খেলছে। এখন সে অনেক বেশি সক্রিয়, আমাদের খেলায় তার উপস্থিতি আরও প্রবল। মাঠে সে ম্যাচের পর ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছে এবং তার কাছে এমন কিছুই প্রত্যাশিত আমাদের।”