‘বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়, কিন্তু চাপ সবসময়ই থাকে’
জাতীয় দলের হয়ে নিজের স্মরণীয় কিছু স্মৃতি তুলে ধরার পাশাপাশি, আসছে বিশ্বকাপে ভিনিসিউসদের সম্ভাবনা নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক তাফারেল।
ফুটবল-পাগল ব্রাজিলিয়ানদের কাছে কিছু নাম হয়ে উঠেছে বিশ্বকাপের সমার্থক। এই নামগুলোর মাঝে কিছু নাম আরও বেশি আইকনিক, তেমনই একজন তিনটি বৈশ্বিক আসরের প্রথম পছন্দের গোলরক্ষক ক্লাউদিয়ো তাফারেল। “কাম অন, এটা আপনাদের তাফারেল”, এই শব্দযুগলে যিনি বিখ্যাত ধারাভাষ্যকার গালভাও বুয়েনোর কণ্ঠে হয়ে উঠেছেন অমর।
ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক তাফারেল ৬০ বছর পূর্ণ করেছেন শুক্রবার। সেলেসাওদের আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিপর্বেও গুরুত্বপূর্ণ একজন তিনি, আছেন ব্রাজিলের পুরুষ জাতীয় দলের গোলরক্ষক কোচ হিসেবে।
ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের হয়ে তার স্মরণীয় কিছু স্মৃতি তুলে ধরেছেন তাফারেল। এছাড়া সময়ের সঙ্গে গোলরক্ষক পজিশনের বিবর্তন এবং উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য ব্রাজিল দলের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন তিনি।
বিশদ এই সাক্ষাৎকারের উল্লেখযোগ্য কিছু অংশ তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য।
প্রশ্ন: জীবনের অনেকগুলো বছর গোলকিপিং পজিশনে কাটিয়ে দিয়েছেন এবং গত কয়েক দশকে এই পজিশনে খেলোয়াড়ের ভূমিকা বদলে গেছে অনেকটা। মাঠে এক নম্বর জার্সির খেলোয়াড়ের দায়িত্ব আসলে কতটা বদলেছে?
তাফারেল: এই পজিশনের ধরণ আসলে অনেক পরিবর্তন হয়েছে। এখন খেলাটা অনেক গতিময় হয়েছে এবং খেলায় যুক্ত হওয়ার দিক দিয়ে গোলরক্ষকরা এখন অনেক বেশি সম্পৃক্ত অনেক সময় গোলরক্ষকই আক্রমণের শুরুটা করে এবং দল গুছিয়ে ওঠার আগ পর্যন্ত সেই বল মুভ করে।
খেলার গতি বেড়ে যাওয়ায় গোলরক্ষককে এখন দুই পায়ে অনেক বেশি খেলতে হয়, কারণ বল এখন অনেক দ্রুত মুভ করে…গোলরক্ষককে আগের চেয়ে এখন লম্বাও হতে হয়।
প্রশ্ন: কোন বিশ্বকাপে আপনি আপনার সেরা পারফরম্যান্স করেছেন এবং কোনটা আপনার সেরা ম্যাচ ছিল?
তাফারেল: তিনটি খুব ভিন্ন ধরনের বিশ্বকাপ খেলেছি। ১৯৯০ সালে, তখন আমি বয়সে খুব তরুণ। শারীরিক ও মানসিকভাবে দারুণ অবস্থায় ছিলাম। কিন্তু অভিজ্ঞতার ঘাটতির কারণে, কোনো শট ক্রসবারের ওপর দিয়ে যাচ্ছে বুঝতে পেরেও কখনও কখনও মনে হতো, আমি লাফ দিয়ে সেটা ধরতে পারি।
দুর্ভাগ্যবশত, আমাদের জন্য সেটা সুখকর বিশ্বকাপ ছিল না। আমাদের স্কোয়াডটা দারুণ ছিল সম্ভবত টুর্নামেন্টের সেরা; কিন্তু আমরা দল হিসেবে ভালো ছিলাম না এবং জয়ের জন্য সবার মধ্যে যে ঐক্যের দরকার, তা আমাদের ছিল না।
তবে ১৯৯৪, তখন আমি ইউরোপে খেলছিলাম এবং অনেক বেশি অভিজ্ঞ ছিলাম: সবকিছুই তখন সহজ মনে হতো। (বিশ্বকাপে) খুবই শান্ত ছিলাম, এবং আমরা তখন দল হিসেবে অসাধারণ ছিলাম এবং সেটাই আমাদের শিরোপা জিততে সাহায্য করে।
প্রশ্ন: ১৯৯৪ এর কথা বললে, ব্রাজিল স্কোয়াডের মধ্যে যে আবহ ছিল, কীভাবে বর্ণনা করবেন?
তাফারেল: আত্মবিশ্বাস ছিল তুঙ্গে- কেবল আমার নয়, দলের সবার। ফাইনালে ওঠা পর্যন্ত ইতালিকে অনেক ভুগতে হয়েছিল, অনেকে চোট পেয়েছিল এবং কেউ কেউ ব্যথা সয়ে খেলছিল। উত্তাপ ছিল প্রচণ্ড এবং আমরা সবকিছুকে ছাড়িয়ে যেতে চেয়েছিলাম। আমরা অনুভব করতে পারছিলাম, সময়টা ব্রাজিলের জয়ের।
পূর্ণ মনোযোগ ধরে রেখে আমরা মাঠে নেমেছিলাম। আমার মনে হয়, আমরা তুলনামূলক ভালো খেলেছিলাম এবং ভাগ্যই লড়াইটাকে পেনাল্টিতে নিয়ে যায়। দূর্ভাগ্যবশত সবসময়ই কেউ না কেউ শট মিস করে এবং সেই সময় নামটা ছিল (রবের্তো) বাজ্জিও। ফুটবলে ওইরকম ছোট ছোট বিষয়গুলোই ব্যবধান গড়ে দেয়; তবে ব্রাজিল শিরোপা জয়ের যোগ্য ছিল।
প্রশ্ন: পেনাল্টি শুট-আউটের জন্য আপনি বিখ্যাত হয়ে ওঠেন। তখন থেকে এই জায়গায় ফুটবল কতটা বদলেছে? এক্ষেত্রে সহজাত প্রবৃত্তি কি এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
তাফারেল: আজকের দিনে আমরা (প্রতিপক্ষ সম্পর্কে) আরও অনেক বেশি তথ্য জেনে পেনাল্টি শুট-আউটে নামি। তবে যারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে তারাই পেনাল্টি শট নেওয়ায় সেরা।
একজন খেলোয়াড় ওই একটা দিকে শট নেয় এটা জানার কোনো অর্থ নেই এবং নিশ্চিত নয় যে, এদিকেই শট নেবে। তাই একজন গোলরক্ষকের এখনও প্রবৃত্তির ওপর ভরসা রাখতে হয়, অতীতে এটার ওপর আমরা অনেক বেশি নির্ভর করতাম।
অতীতে আমাদের কাছে খুব বেশি তথ্য থাকত না। তাই আমরা যে শট নিচ্ছে তার শারীরিক ভঙ্গি, সে কীভাবে আমার দিকে তাকাচ্ছে, কীভাবে গোলের দিকে তাকাচ্ছে… এসব ছোট ছোট বিষয়গুলো দেখে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতাম।
প্রশ্ন: ব্রাজিল ২৪ বছরের শিরোপা খরা কাটানোর চেষ্টায় আছে, ঠিক ১৯৯৪ আসরের মতো। এই চাপ কীভাবে সামলাচ্ছেন?
তাফারেল: আমার মনে হয়, অতীতে চাপ আরও বেশি ছিল, কারণ তখন জিততেই হবে, এমন ভাবনা নিয়েই ব্রাজিল দলকে প্রতিটি বিশ্বকাপে যেতে হতো। বর্তমানের প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। অনেক দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখা হয় এবং ব্রাজিল সেই তালিকায় একমাত্র নয়। কিন্তু অতীতে মজবুত ধারণা থাকতো যে, ব্রাজিল জিতবে।
আমার মনে হয় না, এখন বিষয়টা একইরকম। এবারের বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট হিসেবেও যাচ্ছে না, আমার কাছে বিষয়টা বেশ মজারই লাগছে। ১৯৯৪ আসরেও আমাদের ঘিরে খুব বেশি প্রত্যাশা ছিল না, কিন্তু চাপ ছিল প্রবল এবং আমরা চ্যাম্পিয়ন হই। চাপ আসলে সবসময়ই থাকে।
প্রশ্ন: চোটের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হয়তো পাবে না ব্রাজিল। এই সমস্যার সঙ্গে কীভাবে মানিয়ে নিবেন?
তাফারেল: ছিটকে পড়াদের তালিকা আসলেই চিন্তার কারণ হয়ে উঠছে, তবে কারা খেলতে পারবে না সেইদিকে আমরা দৃষ্টি দিতে পারি না- কারা খেলতে পারবে এবং ভালো প্রস্তুতি নেওয়ার দিকে মনোযোগ দিতে হবে। তারা সবাই অভিজ্ঞ খেলোয়াড়। অনেকে এখনও অবশ্য তরুণ, তবে তারাও অনেক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। তারা বিশ্বকাপের গুরুত্ব বোঝে।
সবাই খেলতে ও ভালো পারফর্ম করতে মরিয়া। আমরা সবসময় তথ্যের আদান-প্রদান করি এবং দায়িত্ব ভাগাভাগি করে নিই; এটা গুরুত্বপূর্ণ। যারা এসবের মধ্যে দিয়ে আগেও গেছে এবং যারা এখন যাচ্ছে, সবার মধ্যে আলোচনা হওয়াটা গুরুত্বপূর্ণ। সেটাই একটা ভালো দল, যেখানে এই দুই ধরনের খেলোয়াড়ই আছে।
প্রশ্ন: চলতি মৌসুমে আলিসনকে চোটের সঙ্গে বেশ লড়াই করতে হয়েছে। তার সেরে ওঠার প্রক্রিয়া কেমন চলছে?
তাফারেল: আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। কয়েক বছর আগে লিভারপুলে তার গোলকিপিং কোচ হওয়ার আগে থেকেই, আমরা খুব ভালো বন্ধু।
সে নিজের খুব ভালো যত্ন নিচ্ছে। সে চোট কাটিয়ে ফিরছে এবং আমরা আশা করি, সে (বিশ্বকাপের আগেই) পুরোপুরি ফিট হয়ে উঠবে। কারণ আমরা তার ওপর অনেকটা নির্ভর করছি। মাঠে ও মাঠের বাইরে তার মান ও সামর্থ্য সম্পর্কে আমরা জানি। অসাধারণ ইতিবাচকতা নিয়ে সে দারুণ এক নেতা এবং তার মধ্যে জয়ের তীব্র তাড়না কাজ করে।
