আর্সেনালের সেই ধসের সঙ্গে এবারের ভীতিকর মিল
২০০৭-০৮ মৌসুমে ২৬ ম্যাচ শেষে ৫ পয়েন্টে এগিয়ে থাকা আর্সেনাল দিক হারিয়ে শেষ পর্যন্ত তৃতীয় হয়েছিল।
গত তিন মৌসুমের আশা জাগিয়ে ব্যর্থ হওয়ার দুঃসহ স্মৃতি তো আছেই, আর্সেনাল ভক্তদের জন্য আরও বেশি দুশ্চিন্তার হলো- অতীতের এক মৌসুমের নাটকীয় ধসের সঙ্গে এবারের ভীতিকর মিল দেখা যাচ্ছে।
সবশেষ তিন আসরে রানার্সআপ হয়েছে মিকেল আর্তেতার দল। এবার এখনও পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। তবে ২০০৭-০৮ মৌসুমের সঙ্গে অপ্রত্যাশিত মিল খুঁজে পাওয়া যাচ্ছে। সেবার ২৬ ম্যাচ শেষে ৫ পয়েন্টে এগিয়ে থাকা আর্সেন ভেঙ্গারের দল পথ হারিয়ে শেষ পর্যন্ত তৃতীয় হয়েছিল।
ওই মৌসুমে ২৬ রাউন্ড শেষে আর্সেনালের পয়েন্ট ছিল ৬৩। ৫৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
এবারের মতোই ১৮ বছর আগে, নিজেদের ২৭তম ম্যাচটি আর্সেনাল খেলে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা একটি দলের সঙ্গে। শুরুতে ১০ জনের দলে পরিণত হওয়া বার্মিংহ্যাম এগিয়ে যায় জেমস ম্যাকফ্যাডেনের গোলে।
১৮ বছর বয়সী থিও ওয়ালকটের জোড়া গোলে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় আর্সেনাল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সফল স্পট কিকে বার্মিংহ্যামকে সমতায় ফেরান ম্যাকফ্যাডেন।
গত বুধবার উলভারহ্যাম্পটনের বিপক্ষেও যোগ করা সময় পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল আর্সেনাল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা টানে উলভারহ্যাম্পটন।
বার্মিংহ্যামের বিপক্ষে পুরো ম্যাচে দাপট দেখানোর পরও জিততে না পারায় তীব্র হতাশায় মাঠে বসে পড়েছিলেন উইলিয়াম গ্যালাস। বিসিবির ম্যাচ অব দা ডেতে ধারাভাষ্যকার জোনাথন পিয়ার্সের মতে, গ্যালাসের যেন বিশ্বাসই হচ্ছিল না।
এর দেড় যুগ পর সেই একইরকম হতাশাজনক অভিজ্ঞতা হয়েছে আর্সেনালের। এবার পেনাল্টি ছিল না। টম এডোজির শটে বল ডিফেন্ডার রিক্কার্দো কালাফিউরির গায়ে লেগে জালে জড়ায়।
ম্যাচ শেষে হতাশার বশে নাকি মেজাজ হারিয়ে ইয়েরসন মস্কেরাকে জোরে ধাক্কা মারেন গাব্রিয়েল জেসুস, এটা যদিও গ্যালাসের সেই বসে পড়ার মতো ততটা আলোচিত হয়নি। তবে এটা পরিষ্কার যে, শেষ বাঁশি বাজার পর সেই ম্যাচের মতো একইরকম হতাশ ও স্তব্ধ হয়ে পড়েন আর্সেনালের খেলোয়াড়রা।
২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি আর্সেনালের ওই ড্রয়ের পর, নিউক্যাসল ইউনাইটেডকে ৫-১ গোলে হারিয়ে ব্যবধান তিনে নামিয়ে আনে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার নিজেদের ম্যাচ জিতে ম্যানচেস্টার সিটির সামনে সুযোগ ব্যবধান দুইয়ে নামিয়ে আনার।
আর্সেনাল নিশ্চিতভাবেই চাইবে এবারের মিল শেষ হোক এখানেই। ১৮ বছর আগে যে তারা পরের সাত ম্যাচের কেবল একটিতে জিতেছিল। একের পর এক বাজে ফলে তিনে নেমে যায় তারা, ইউনাইটেডের চেয়ে একটা সময় পিছিয়ে পড়েছিল ৯ পয়েন্টে।
পরে শেষ চার ম্যাচ জিতলেও, তিনে থেকেই আসর শেষ করে আর্সেনাল। ৮৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া চেলসির চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে ছিল তারা।
এবার যে চিত্র ভিন্ন হতে পারে, সেটা দেখানোর সুযোগ পাচ্ছে আর্সেনাল। আগামী রোববার তারা খেলবে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। এরপর, আগামী মাসের শুরুতে চেলসির মুখোমুখি হবে আর্সেনাল।
প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের মধ্যে এরপর আর কেবল একটির বিপক্ষেই খেলবে আর্সেনাল। শিরোপা লড়াইয়ে সেই ম্যাচ ফেলতে পারে বড় প্রভাব; কেননা আগামী ১৮ এপ্রিল তাদের ওই ম্যাচ যে ম্যানচেস্টার সিটির মাঠে।
লিগে সবশেষ সাত ম্যাচের কেবল দুটিতে জিতেছে আর্সেনাল। স্বাভাবিকভাবেই তাই ভীষণ চাপে আছে দলটি।
ভবিষ্যতে কী ঘটে, সেটা যথা সময়ে দেখা যাবে। তবে আর্সেনালের খেলোয়াড়দের সামনে সুযোগ আছে ২০০৮ সালের পুনরাবৃত্তি এড়ানোর এবং ২২ বছরের মধ্যে প্রথমবার লিগ শিরোপা জেতার।
