২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বত্রিশ নিশ্চিত করে অস্ট্রেলিয়ার ‘বিশেষ দিন’

টানা দ্বিতীয়বার নকআউটে খেলাকে বড় অর্জন হিসেবে দেখছেন অস্ট্রেলিয়া কোচ টনি পপোভিচ।

শেষ বত্রিশ নিশ্চিত করে অস্ট্রেলিয়ার ‘বিশেষ দিন’
নকআউটে উঠে ভীষণ খুশি অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 03:49 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

ধারহীন ও সাবধানী ফুটবলে লক্ষ‍্য পূরণ করে খুশির জোয়ারে ভাসছেন অস্ট্রেলিয়া কোচ টনি পপোভিচ। তিনি মনে করছেন, টানা দুইবার নকআউট পর্বে জায়গা করে নেওয়া অনেক বড় অর্জন। অস্ট্রেলিয়ার ফুটবলের জন‍্য আজ বিশেষ এক দিন।

তুরস্কের বিপক্ষে ২-০ ব‍্যবধানের জয় দিয়ে আসর শুরু করে অস্ট্রেলিয়া। পরে একই ব‍্যবধানে হারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। শেষ বত্রিশে যেতে প‍্যারাগুয়ের বিপক্ষে ড্র প্রয়োজন ছিল তাদের।

বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম‍্যাচে গোলশূন‍্য ম‍্যাচে লক্ষ‍্য পূরণ হয় অস্ট্রেলিয়ার। ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে যায় তারা। 

প্রথম দুই ম‍্যাচেই শেষ বত্রিশে জায়গা ও গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্রয়ের পর বেঁচে আছে প‍্যারাগুয়ের আশা। সেরা আট তৃতীয় দলের একটি হয়ে টুর্নামেন্টে টিকে যেতে পারে তারা। 

ম‍্যাচ শেষের সংবাদ সম্মেলনে ভীষণ উচ্ছ্বসিত দেখা গেল পপোভিচকে।

“বিস্ময়কর এক অর্জন। ফুটবল অ‍্যাসোসিয়েশন থেকে শুরু করে স্টাফ, খেলোয়াড়, ভক্ত সবার সমর্থন ছিল। এটা বিশেষ একটি দিন।” 

শুরুর একাদশে ছয় পরিবর্তন নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন অস্ট্রেলিয়া কোচ। অস্ট্রেলিয়া ড্রয়ের জন‍্য খেলেছে, এমন মন্তব‍্য উড়িয়ে দিলেন তিনি।

“আমরা ম‍্যাচ কীভাবে খেলেছি কিংবা নিজেদের কী প্রয়োজন বলে আমরা ভেবেছি, সেটা নিয়ে আপনার মত থাকতেই পারে। তবে কোনো পর্যায়েই আমি অনুভব করিনি, আমরা ড্রয়ের জন‍্য খেলছি। আমি মনে করি, আমরা ম‍্যাচ ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি এবং ম‍্যাচ নিয়ন্ত্রণে ছিল। ভালো সুযোগ আমরাই বেশি পেয়েছিলাম।”

শেষ ষোলোর প্রতিপক্ষ এখনও অজানা অস্ট্রেলিয়ার। ডালাসে তারা জি গ্রুপ রানার্সআপদের বিপক্ষে খেলবে। সেই দলটি হতে পারে বেলজিয়াম, ইরান, মিশর কিংবা নিউ জিল‍্যান্ড।