ভুটানের পাল্টা আক্রমণ নিয়ে সাবধানী জামাল
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ সামনে রেখে পাল্টা আক্রমণনির্ভর খেলা প্রতিপক্ষ নিয়ে দলকে সতর্ক করলেন বাংলাদেশ অধিনায়ক।
২০১৬ সালে বাংলাদেশের সেই ‘ভুটান ট্র্যাজেডি' সহজে ভুলছে না বাংলাদেশ। প্রতিপক্ষের পাল্টা আক্রমণের সক্ষমতা বেশ ভাবাচ্ছে জামাল ভূঁইয়াকে। বাংলাদেশ অধিনায়ক মনে করছেন, ভুটানের আক্রমণভাগের খেলোয়াড়দের নিয়ে ভাবতে হবে তাদের।
থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগামী রোববার দ্বিতীয় ম্যাচ গড়াবে একই স্টেডিয়ামে।
২০১৬ সালে এশিয়ান কাপের বাছাইয়ে ভুটানের বিপক্ষে এ মাঠেই ৩-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এর পুনরাবৃত্তি এড়াতে সতীর্থদের পাল্টা আক্রমণ ঠেকানোয় মনোযোগ দিতে বললেন জামাল।
“ভুটান বিশেষ করে পাল্টা আক্রমণে ভালো। তাদের দলে বেশ খেলোয়াড় আছে, যারা দারুণ ফুটবল খেলে। এদের দিকে দৃষ্টি রাখতে হবে। আশা করি, আমরা তাদের সামলাতে পারব।”
দেশে থাকতে, ভুটানে গিয়ে খেলোয়াড়, কোচের কণ্ঠে ঘুরেফিরে এসেছে দুই ম্যাচ জয়ের উত্তুঙ্গ আশাবাদ। জামালের লক্ষ্যও অভিন্ন। তবে লক্ষ্য পূরণের পথটা মসৃণ হবে না বলে মনে করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কেননা, লিগ চলায় ভুটানের ফুটবলাররা আছে খেলার মধ্যে।
“আমার ধারণা, দুটি ম্যাচই ভীষণ কঠিন হবে। কেননা, আমরা তিন মাস কোনো ম্যাচ খেলি না। আমরা ক্যাম্প করেছি, কিন্তু ভুটানের খেলোয়াড়দের মতো একই পর্যায়ে নেই। আমার ধারণা দুটি কঠিন এবং দারুণ ম্যাচ হবে।”
“আমি মনে করি, সবাই প্রস্তুত। অবশ্যই আমাদের আরও বেশি ম্যাচ ফিটনেস প্রয়োজন, কিন্তু আমরা ভালো ক্যাম্প করেছি, ভালো প্র্যাকটিস সেশন করেছি। আমি মনে করি, সব মিলিয়ে ভুটানের মুখোমুখি হতে আমরা প্রস্তুত।”
