২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই মৌসুমে আমরা শিরোপা জিতব’, আত্মবিশ্বাসী এমবাপে

শিরোপা জিততে দলের সবাই ভীষণ ক্ষুধার্ত, বললেন রেয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড।

‘এই মৌসুমে আমরা শিরোপা জিতব’, আত্মবিশ্বাসী এমবাপে
রেয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ছবি: রেয়াল মাদ্রিদ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2026, 09:28 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর, এখনও বড় কোনো শিরোপার স্বাদ পাননি কিলিয়ান এমবাপে। সেই খরা কাটাতে মরিয়া ফরাসি তারকা। তার বিশ্বাস, এবারের মৌসুমের ট্রফিগুলো জিতে সমর্থকদের আনন্দ দিতে পারবেন তারা।

পিএসজি ছেড়ে ২০২৪ সালে রেয়ালে যোগ দেন এমবাপে। প্রথম মৌসুমে ক্লাবটির হয়ে উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতেন তিনি। কিন্তু গত মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি রেয়াল।

উত্তর আমেরিকা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেন এমবাপে। আসরে সবচেয়ে বেশি ১০ গোল করে গোল্ডেন বুটের পুরস্কার জিতে নেন তিনি। সেমি-ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে ফাইনালে খেলার স্বপ্ন ভাঙে ফ্রান্সের। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছেও হেরে যায় তারা।

নতুন মৌসুমের জন্য এরই মধ্যে রেয়াল শিবিরে যোগ দিয়েছেন এমবাপে। আগামী ২২ অগাস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাদ্রিদের দলটির লা লিগা অভিযান। এমবাপের বিশ্বাস, এবার সব শিরোপা জিতবেন তারা।

“নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি; আর তখনই আমরা সবচেয়ে কঠোর পরিশ্রম করতে পারি, পুরোপুরি নিজেদের উজাড় করে দিতে পারি। এরপর ম্যাচের ব্যস্ত সূচি শুরু হবে। লিগের প্রথম ম্যাচের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

আমাদের জিততেই হবে। আমার মনে হয়, এই মৌসুমে আমরা শিরোপাগুলো জিতব, এ ব্যাপারে আমি নিশ্চিত। এটাই আমরা চাই, আর সেটাই হবে। দলও ভীষণ ক্ষুধার্ত। পুরো বছর আমরা মনোযোগ ধরে রাখব, যাতে সমর্থকদের আনন্দ দিতে পারি।”

ছোটবেলা থেকেই রেয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন ছিল এমবাপের। সেটি পূরণ হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। এবার ক্লাবটির জার্সিতে বড় শিরোপা জিততে চান এই ফরোয়ার্ড।

“আমার জন্য এখানে আসাটা ছিল স্বপ্নের মতো, আর প্রতিদিন এখানে থাকাটাও স্বপ্ন। আমি এমন একজন মানুষ, যে বর্তমানকে উপভোগ করতে জানে; জানি, এখানে থাকতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। কিন্তু এখন আমাদের জিততে হবে। আপনি একটি দলে থাকতে পারেন, কিন্তু আপনাকে শিরোপা জিততে হবে। আর এই মৌসুমে আমরা সেটাই করব।”

টানা দুটি মৌসুমে ভরাডুবির পর এবার নতুন কোচ নিয়োগ দিয়েছে রেয়াল। জোসে মরিনিয়োকে দায়িত্বে ফিরিয়েছে তারা। এর আগে, ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত প্রথম মেয়াদে দলটিকে একটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছিলেন এই পর্তুগিজ কোচ।

অভিজ্ঞ মরিনিয়োকে কোচ হিসেবে পাওয়াকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন এমবাপে।

“আমি কয়েকদিন আগে এখানে এসেছি। আমার মনে হয়, মরিনিয়োর মতো কোচ পাওয়া ইতিবাচক ব্যাপার। তিনি জানেন কীভাবে জিততে হয়, কীভাবে জয়ের পথ দেখাতে হয়। প্রত্যেক খেলোয়াড়ই এমন একজন কোচ পেয়ে খুশি হয়, যিনি জানেন তিনি কোথায় যেতে চান। আমার মনে হয়, আমাদের জন্য এটা খুবই ইতিবাচক।”