২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ামাল ‘বাচ্চা ছেলে’ নয়, সতীর্থদের সতর্ক করলেন জার্মানির গাউম

লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের আলাদাভাবে প্রশংসা করলেও স্পেনের পুরো দল নিয়ে সতর্ক জার্মানির ফুলব্যাক ডাভিড গাউম।

ইয়ামাল ‘বাচ্চা ছেলে’ নয়, সতীর্থদের সতর্ক করলেন জার্মানির গাউম
স্পেনের দুই তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল (বাঁয়ে) ও নিকো উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 09:06 AM

Updated : 26 Aug 2026, 09:54 AM

বয়স স্রেফ ১৬ বছর; কিন্তু গতিময়, ক্ষিপ্র, দক্ষ লামিনে ইয়ামালকে ‘বাচ্চা ছেলে’ ভাবা মানে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা, এমনটাই মনে করছেন জার্মানির ডাভিড গাউম। স্পেনের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচ সামনে রেখে তাই দলকে সতর্ক করে দিলেন এই ফুলব্যাক।

স্টুটগার্টে আগামী শুক্রবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এবারের ইউরোর স্বাগতিক জার্মানি ও স্পেন। দুটি দলের অর্জনের শোকেসে আছে তিনটি করে শিরোপা। তালিকায় এককভাবে শীর্ষে ওঠার মিশনে এবার নেমেছে দুই দল।

জার্মানি অবশ্য গত ১০ বছরে বড় কোনো শিরোপার স্বাদ পায়নি। ঘরের মাঠে সেই খরা কাটাতে উদগ্রীব ইউলিয়ান নাগেলসমানের দল। শেষ ষোলোর বৈতরণী তারা সহজে পার হয়েছে; ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে। অন্যদিকে, ভয়ঙ্কর সুন্দর ফুটবল খেলে জর্জিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে সেরা আটের মঞ্চে এসেছে স্পেন।

ছন্দ ধরে রেখে জর্জিয়া ম্যাচেও দারুণ খেলেছেন ইয়ামাল। এবারের আসরে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে এই তরুণ বনে যান ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়। তবে তার বয়সের দিকে তাকাতে চান না গাউম। তার দৃষ্টিতে ইয়ামাল পরিণত এক ফুটবলারের প্রতিচ্ছবি।

“যখন আপনি দেখবেন, ইয়ামাল ফুটবলে কী নিয়ে এসেছে, তখন তার বয়স কোনো ইস্যু হবে না। এই ছেলেটা বার্সেলোনার মূল দলে খেলে, স্পেনের মূল দলেও খেলছে। তাই তাকে বাচ্চা ছেলে ভাবার কোনো সুযোগ নেই। ভয়ঙ্কর মানসম্পন্ন একটা ছেলে এবং তাকে আটকানোর পথ খুঁজে বের করতেই হবে আমাদের।”

“আমি মনে করি, তারা দুজন (ইয়ামাল ও উইলিয়ামস) শীর্ষ পর্যায়ের খেলোয়াড়, তবে স্রেফ এই দুজন নয়, পুরো স্পেন দল খুবই ভালোভাবে সজ্জিত। আসলে তারা কখনই অনুমেয় নয় এবং পুরো স্প্যানিশ দলকে থামানোর পথ আমাদের খুঁজে বের করতে হবে।”