১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার গরমে অস্বস্তি থাকলেও অনুশীলন নিয়ে খুশি আলপি

প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলার হাতছানিতে রোমাঞ্চিত এই ফরোয়ার্ড।

অস্ট্রেলিয়ার গরমে অস্বস্তি থাকলেও অনুশীলন নিয়ে খুশি আলপি
অস্ট্রেলিয়ায় অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 07:28 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

অস্ট্রেলিয়ার গরম আবহাওয়ায় মানিয়ে নিতে বেগ পোহাতে হচ্ছে আফঈদা-ঋতুপর্ণাদের। তবে প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না মেয়েরা। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পাওয়া আলপি আক্তার জানিয়েছেন, গরমের মধ্যেই তারা প্রস্তুতি নিচ্ছেন আটঘাঁট বেঁধে।

আগামী রোববার অস্ট্রেলিয়ায় শুরু হবে উইমেন’স এশিয়ান কাপের এবারের আসর। আসর শুরুর একদিন পর চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে আলপিদের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এই ম্যাচ দুটি মাঠে গড়াবে যথাক্রমে ৬ ও ৯ মার্চে।

আসর শুরুর সময় ঘনিয়ে আসছে, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি শাণিয়ে নিতে সোমবার ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে চতুর্থ দিনের অনুশীলন সেরেছে দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমের পাঠানো ভিডিও বার্তায় আলপি জানিয়েছেন, টিম হোটেল, অনুশীলনের ভেন্যু কাছাকাছি হওয়ায় প্রস্তুতি নেওয়া সহজ হচ্ছে তাদের জন্য। 

“এখানে অনেক গরম। আমাদের বাংলাদেশে এত গরম এখনও পড়ে না। এখানে অতিরিক্ত গরম। পরিবেশের সঙ্গে আপাতত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা এক জায়গায় থাকছি, এখানেই মাঠ, জিম সবকিছু হচ্ছে। তো বাস দিয়ে মাঠে যাওয়া লাগছে না, এটা ভালো লাগছে।”

কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ ফুটবল লিগে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন আলপি। লিগের আলো ঝলমলে পারফরম্যান্সের সুবাদে এই তরুণ ফরোয়ার্ড জায়গা পান এশিয়ান কাপের চূড়ান্ত দলে। প্রথমবারের মতো জাতীয় দলে খেলার হাতছানিতে দারুণ রোমাঞ্চিত তিনি।

“আলহামদুলিল্লাহ, অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা এবং খেলা। তো সেই ইচ্ছাটা (অনুশীলন) পূরণ হয়েছে। ভালো লাগছে আপুদের সঙ্গে অনুশীলন করতে পেরে। অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে ওনাদের সঙ্গে।”