পিএসজি ফাইনালে ওঠার পর ৩ জন হাসপাতালে, গ্রেপ্তার ৪৩
প্যারিসের রাস্তায় পিএসজি সমর্থকদের আনন্দ-উল্লাসের সময় গাড়ির ধাক্কায় আহত হন ওই তিন জন, তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
আর্সেনালকে হারিয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পর দলটির সমর্থকদের উদযাপনের সময় প্যারিসের রাস্তায় গাড়ির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘরের মাঠে বুধবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে, দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেয় পিএসজি।
জয়ের পর ফরাসি দলটির সমর্থকরা রাস্তায় আনন্দ-উল্লাস করার সময় ঘটে ওই দুর্ঘটনা।
প্যারিস পুলিশ জানিয়েছে, শহরজুড়ে ছোটখাটো ঘটনায় ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি ব্যক্তিরা একটি গাড়ির ধাক্কায় আহত হয়েছে এবং ঘটনা তদন্ত করা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার খোঁজে আগামী ৩১ মে মিউনিখের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে লুইস এনরিকের পিএসজি।
