‘বিশ্ব সেরা’ উরুগুয়েকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পানামা কোচ
টমাস ক্রিস্টিয়ানসেন মনে করছেন, কোপা আমেরিকায় তাদের নিয়ে ভালো কিছু আশা করবে না কেউ।
সাম্প্রতিক সময়ে বড় কোনো শিরোপা না জিতলেও উরুগুয়েকে বিশ্ব সেরা দলগুলোর একটি হিসেবে দেখেন টমাস ক্রিস্টিয়ানসেন। পানামা কোচ মনে করছেন, কঠিন এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন তারা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সোমবার মাঠে গড়াবে উরুগুয়ে-পানামা ম্যাচ। এবারের কোপা আমেরিকায় দুই দলেরই এটি প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবেই ভালো শুরুর লক্ষ্যে মাঠে নামবে তারা।
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ১৫বার জিতেছে উরুগুয়ে। দলটির সাম্প্রতিক ফর্মও দুর্দান্ত। মার্সেলো বিয়েলসার কোচিংয়ে বিশ্বকাপ বাছাইয়ে তারা হারিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনাকে।
দারুণ ছন্দে থাকা উরুগুয়ে যে পানামাকে কঠিন পরীক্ষায় ফেলবে, আগেই স্বীকার করে নিয়েছেন দলটির কোচ ক্রিস্টিয়ানসেন।
“বিশ্বের সেরা দলগুলোর একটির বিপক্ষে খেলতে যাচ্ছি আমরা, যারা ভালো একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যাদের দারুণ সব খেলোয়াড় ও অনেক অভিজ্ঞ একজন কোচ আছে।”
“শারীরিকভাবে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল তারা, এটাই (উরুগুয়ের কোচ মার্সেলো) বিয়েলসা তার খেলোয়াড়দের কাছ থেকে চায় এবং আমাদের খেলা দিয়ে সেটা প্রতিহত করতে হবে।”
কোপা আমেরিকায় ‘সি’ গ্রুপে পানামার অন্য দুই প্রতিপক্ষ বলিভিয়া ও টুর্নামেন্টের আয়োজক যুক্তরাষ্ট্র। নিজেদের গ্রুপটিকে কঠিন মনে হচ্ছে ক্রিস্টিয়ানসেনের।
“হয়তো পানামার সম্ভাবনার ওপর মানুষের খুব একটা আস্থা নেই। সেটা নিয়ে আমি চিন্তিত নই। আমি যেটা নিয়ে ভাবছি তা হলো খেলোয়াড়দের অনুপ্রেরণা, ইচ্ছা এবং তারা খেলায় যে লড়াকু মনোভাব নিয়ে আসবে সেটা।”
“পানামার যদি একটা ভালো দিক থাকে, সেটা হলো দম, হৃদয় এবং টুর্নামেন্টে ভালো করার ইচ্ছা। গত বছর কোপা ওরোতে আমরা সেটা দেখেছি, যখন আমরা শীর্ষ পর্যায়ে খেলেছিলাম এবং লক্ষ্য ছিল সেই আত্মবিশ্বাস ও আনন্দ ফিরে পাওয়া এবং নিজেদের আবার উপভোগ করা।”
