২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরেইয়ার বিপক্ষে ব্যর্থতা ইয়ামালকে দ্রুত ভুলে যেতে বললেন কোচ

আলাভেসের বিপক্ষে আসছে ম্যাচটি পুরো বার্সেলোনা দলের জন্য মানসিকভাবেও চ্যালেঞ্জিং হতে পারে।

কুকুরেইয়ার বিপক্ষে ব্যর্থতা ইয়ামালকে দ্রুত ভুলে যেতে বললেন কোচ
মার্ক কুকুরেইয়ার (বাঁয়ে) বাধা পেরুনোর চেষ্টায় লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 03:06 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

চেলসির বিপক্ষে বার্সেলোনার পারফরম্যান্স ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বাজে। প্রতিপক্ষের জন্য অল্প বয়সেই যিনি ভয়ঙ্কর হয়ে উঠেছেন, ১৮ বছর বয়সেই যার নামের পাশে জুড়ে গেছে তারকা খেতাব, সেই লামিনে ইয়ামালের জন্যও ম্যাচটি ছিল ভীষণ হতাশার। মার্ক কুকুরেইয়া যেন তাকে পুরোপুরি বোতলবন্দি করে ফেলেছিলেন মাঠে। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক তার তরুণ শিষ্যকে সেদিনের ব্যর্থতা ভুলে আসছে ম্যাচে মনোযোগ দিতে বললেন।

স্ট্যামফোর্ড ব্রিজে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ৩-০ গোলে পর্যদুস্ত হয়েছিল বার্সেলোনা। ম্যাচের পর চেলসির স্প্যানিশ গোলরক্ষক রবের্ত সানচেস বলেন, কুকুরেইয়া তার জাতীয় দল সতীর্থ ইয়ামালকে পুরোই আটকে রেখেছিলেন।

নিষ্প্রভ ইয়ামালকে পরে ৮০তম মিনিটে তুলে নেন কোচ। মাঠ থেকে উঠে যাওয়ার সময় প্রচণ্ড হতাশা থেকে অসন্তোষ প্রকাশ করেন এই ফরোয়ার্ড। ফ্লিক অবশ্য বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না তেমন, বরং ওই হতাশা ভুলে আগামীর লড়াইয়ে স্বরূপে ফেরার চ্যালেঞ্জ দিলেন তিনি।

“লামিনে মানসিকভাবে ভালোই আছে। অনেক খেলোয়াড়ই তাদেরকে তুলে নেওয়ার সময় খুশি থাকে না। আমিও একজন ফুটবলার ছিলাম এবং হয়তো কখনও কখনও আমিও ভালো প্রতিক্রিয়া দেখাইনি, এটা আবেগের ব্যাপার।”

“আমার কাছে, কুকুরেইয়া বিশ্বের সেরা লেফট-ব্যাকদের একজন। তার বিপক্ষে খেলা সহজ নয়। রক্ষণ সামলানোয় সে খুবই স্মার্ট, দারুণ বুদ্ধিমান। লামিনের জন্য এখন করণীয় হচ্ছে, (ওই ম্যাচে যা হয়েছে ভুলে যাওয়া)। আলাভেস এখন গুরুত্বপূর্ণ এবং (আসছে ম্যাচে) তাকে তার সেরা পারফরম্যান্স দেখাতে হবে, তার সর্বোচ্চ মানের।”

চলতি মৌসুমে সব মিলিয়ে ১৩ ম্যাচ খেলে ৬টি গোল ও ৭টি অ্যাসিস্ট করা ইয়ামালই শুধু নয়, বার্সেলোনা দলের আরও অনেকেই চেলসির বিপক্ষে ছিলেন বিবর্ণ। জুল কুন্দের আত্মঘাতী গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়া বার্সেলোনার জালে দ্বিতীয়ার্ধে গোল করেন এস্তেভোঁ ও লিয়াম ডেলাপ।

আরও তিনবার জালে বল পাঠিয়েছিল চেলসি, অফসাইডের কারণে সেগুলো গোল হয়নি। অমন সাদামাটা পারফরম্যান্সের পর প্রচণ্ড সমালোচনা হচ্ছে বার্সেলোনার। আলাভেসের বিপক্ষে ম্যাচটি তাই মানসিকভাবেও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে কাতালান ক্লাবটির জন্য।

কাম্প নউয়ে বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ৯টায় শুরু হবে বার্সেলোনা-আলাভেস লড়াই।