১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাপোলি ম্যাচের আগে সমর্থকদের সতর্ক থাকার বার্তা চেলসির

দুই সমর্থক আহত হওয়ার পর এই বার্তা দিয়েছে ইংলিশ ক্লাবটি।

নাপোলি ম্যাচের আগে সমর্থকদের সতর্ক থাকার বার্তা চেলসির
চেলসি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 05:00 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখতে নেপলসে যাওয়া সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চেলসি। নাপোলির বিপক্ষে প্রাথমিক পর্বের শেষ ম্যাচের আগে দুই সমর্থক আহত হওয়ার পর এই বার্তা দিয়েছে ইংলিশ ক্লাবটি।

ইউরোপ সেরার মঞ্চে বুধবার ইতালির ক্লাব নাপোলির মুখোমুখি হবে চেলসি। স্তাদিও দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু মাঠের লড়াই।

এদিনই বিবৃতি দিয়ে তাদের দুইজন সমর্থকের আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছে চেলসি। তবে ঘটনা কী কিংবা কীভাবে আঘাত পেয়েছেন তারা, এই বিষয়ে কিছু জানায়নি প্রিমিয়ার লিগের ক্লাবটি।

“দুই সমর্থক হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের আঘাত প্রাণঘাতী নয়। ক্লাব সকল সমর্থকদের (নেপলস) শহরে থাকাকালীন কড়া সতর্কতা অবলম্বন করার কথা স্মরণ করিয়ে দিতে চায় এবং এই ম্যাচের আগে দেওয়া পরামর্শগুলি মনে করিয়ে দিতে চাই।”

চলতি মাসের শুরুতে, চেলসি একটি ভ্রমণের সতর্কতা জারি করে, যেখানে বলা হয় চেলসি সমর্থক হিসেবে নিজেদের চিহ্নিত করে এমন কোনো পোশাক না পরতে এবং শহরের ভেতরে চেলসির ভক্ত হিসেবে প্রকাশ্যে চলাফেরা না করতে।

চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে এখন অষ্টম স্থানে আছে চেলসি।