২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে ছাড়া পর্তুগাল আরও ভালো? দ্বিমত ফের্নান্দেসের

সমালোচকদের উদ্দেশে ব্রুনো ফের্নান্দেস বললেন, জাতীয় দলে এখনও অনেক অবদান রাখেন রোনালদো।

রোনালদোকে ছাড়া পর্তুগাল আরও ভালো? দ্বিমত ফের্নান্দেসের
ক্রিস্তিয়ানো রোনালদো ও ব্রুনো ফের্নান্দেস (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 03:37 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

বয়স ৪০ ছাড়িয়ে গেছে বেশ আগে। দুই পায়ে গতি কমেছে স্বাভাবিকভাবেই। তবে গোলের ক্ষুধা এখনও কমেনি ক্রিস্তিয়ানো রোনালদোর। ক্লাব কিংবা জাতীয় দল, সবখানে নিয়মিত জালের দেখা পান তিনি। তবুও অনেকে পর্তুগাল দলে তার অবদান নিয়ে প্রশ্ন তোলেন। ওইসব সমালোচকদের উদ্দেশেই যেন ব্রুনো ফের্নান্দেস বললেন, জাতীয় দলে এখনও অনেক অবদান রাখেন রোনালদো। 

অনেকে আবার ইঙ্গিত করেন, রোনালদোকে ছাড়াই বর্তমানের পর্তুগাল জাতীয় দল বেশি ভালো। তাদের সঙ্গে একমত নন পর্তুগালের অভিজ্ঞ মিডফিল্ডার ফের্নান্দেস।

বিশ্বকাপের মূল পর্বের টিকেট নিশ্চিত করার আশায় গত মাসে রিপাবলিক অব আয়ারল্যান্ডের মাঠে খেলতে নেমে ২-০ গোলে হেরে যায় পর্তুগাল। যে পরাজয়ের পেছনে দায় ছিল রোনালদোর। প্রথমার্ধেই দুই গোল হজম করার পর, দ্বিতীয়ার্ধে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন তিনি। শেষের আধা ঘণ্টা একজন কম নিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি পর্তুগাল।

ওই কার্ডের নিষেধাজ্ঞায় পরের ম্যাচে খেলতে পারেননি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। তবে, তাকে ছাড়াই দুর্দান্ত পারফরম্যান্সে আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করে লক্ষ্যে পৌঁছায় তারা।

‘রোনালদোবিহীন পর্তুগাল দল আরও ভালো’ যারা আগে থেকে এই কথা বলে আসছেন, আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের ওই জয়ের পর তাদের কণ্ঠস্বর আরও জোরাল হয়। 

পর্তুগিজ টিভি চ্যানেল ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে ওই প্রসঙ্গে নিজের মত জানান ফের্নান্দেস।

“ক্রিস্তিয়ানো (রোনালদো) ডি-বক্সে এখনও অনেক উঁচু মানের খেলোয়াড়। তিনি ডিফেন্ডারদের আকর্ষণ করেন এবং তাতে অন্যদের জন্য জায়গা তৈরি হয়। যদি ক্রিস্তিয়ানো না খেলে, (পিএসজির) গনসালো রামোস খেলবে, গনসালো চাপ তৈরি করায় আরও শক্তিশালী এবং কোনাকুনি আক্রমণ শাণানোয় ভালো।”

“আমি যখন খেলি না, বের্নার্দো (সিলভা) খেলে ১০ নম্বর হিসেবে। বের্নার্দো আমাদেরকে আরও বেশি পজেশন রাখতে সাহায্য করে। আমি বেশিরভাগ ক্ষেত্রে শেষ পাস দিয়ে থাকি। দলে বিষয়গুলো এভাবেই হয়ে থাকে। সব খেলোয়াড়ই কিছু না কিছু যোগ করে… আমাদের সবার মতো ক্রিস্তিয়ানোও তাই। কীভাবে মানিয়ে নিতে হয়, আমাদের জানতে হবে এবং পরস্পরের দক্ষতা বৃদ্ধি করতে হবে, যেন দল লাভবান হয়।”

২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে ২২৬ ম্যাচে ১৪৩ গোল করেছেন রোনালদো, যা বিশ্বরেকর্ড। অনেকদিন আগে থেকেই এই রেকর্ড তার দখলে।

২০২২ সালের বিশ্বকাপে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে তাকে ওই সময়ের কোচ ফের্নান্দো সান্তোস শুরুর একাদশ থেকে বাদ দিলে, জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে সৌদি প্রো লিগের দল আল নাস্রের হয়ে নিয়মিত গোল করে রোনালদো জানান দেন, ফুরিয়ে যাননি তিনি। সান্তোসের উত্তরসূরি রবের্তো মার্তিনেসের কোচিংয়ে আবার পর্তুগালের শুরুর একাদশে নিজেও জায়গাও পাকা করেন ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসের সাবেক ফরোয়ার্ড।