২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইন ম্যাচ নিয়ে তিন গোলকিপারের বাড়তি প্রস্তুতি

প্রথম পছন্দের গোলকিপার রুপনা চাকমা হলেও, বাকি দুজন প্রস্তুতিতে কমতি রাখছেন না একটুও।

বাহরাইন ম্যাচ নিয়ে তিন গোলকিপারের বাড়তি প্রস্তুতি
তিন গোলকিপার (বাম থেমে) স্বর্ণা রানী মন্ডল, রুপনা চাকমা ও মিলি আক্তার প্রস্তুত হচ্ছেন আঁটঘাট বেঁধে। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 07:57 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

বাহরাইনের বিপক্ষে ম্যাচ কড়া নাড়ছে দুয়ারে। দলটির শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে কঠিন পরীক্ষায় মুখোমুখি হতে হবে রুপনা চাকমাকে। আঁটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন দুইবারের উইমেন’স সাফ জয়ী গোলকিপার। দলের বাকি দুই গোলকিপার স্বর্ণা রানী মন্ডল ও মিলি আক্তারও প্রয়োজন পড়লেই সাড়া দিতে প্রস্তুত।

উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে রোববার বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। এ উপলক্ষে ইয়াংগুনে শুক্রবার অনুশীলন সেরেছেন পিটার জেমস বাটলার। বাড়তি অনুশীলন করেছেন তিন গোলকিপারও।

বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বাহরাইন ৯২তম, বাংলাদেশ ১২৮তম। স্বাভাবিকভাবে র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের আক্রমণভাগ নিয়ে সতর্ক দল। তবে নিজের সামর্থ্যে আস্থার একবিন্দু কমতি নেই রুপনার।

“আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। গোলকিপার হিসেবে আমার দায়িত্ব গোল সেভ করা, দলকে উদ্বুদ্ধ করা, সেটা করতে চাই।”

রুপনা পোস্টে প্রথম পছন্দের হওয়ায় মিলি আছেন সুযোগ পাওয়ার অপেক্ষায়। আরেক গোলকিপার স্বর্ণা প্রথম ম্যাচে ভালো কিছু করতে দারুণ আত্মবিশ্বাসী।

“আজকে আমরা তৃতীয় ট্রেনিং সেশন করলাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। খেলোয়াড়দের সবার কন্ডিশন ভালো। কোচ আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করেছি। আমাদের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে, ইনশাল্লাহ, আমরা ভালো কিছু করব। আমাদের জন্য দোয়া করবেন।’

তিন গোলকিপারের প্রস্তুতি নিয়ে খুশি গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। রুপনা সাফে গত দুই আসরে সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন। উজ্জ্বলের দৃষ্টি শিষ্যদের এশিয়ার মানে উন্নত করা।

“এখানকার আবহাওয়ার সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। খেলার জন্য আমাদের যে সকল টেকনিক, ট্যাকটিকস দরকার, সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করছি। বিশেষ করে আমার গোলকিপারদের নিয়ে..এশিয়ান পর্যায়ে যে ধাঁচের পারফরম্যান্স দরকার, চেষ্টা করছি, রুপনা ও বাকিদের সেভাবে তৈরি করার।”