২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার মাঠের বাইরে রদ্রিগো

চোট-নিষেধাজ্ঞা-চোট, বছরের শুরু থেকে বারবার এমন নানা কারণে ব্যাহত হচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডে যাত্রা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 07:04 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

নতুন করে চোট পেয়েছেন রদ্রিগো। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় অন্তত ১০ দিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

রেয়াল মাদ্রিদ শনিবার তাদের ওয়েবসাইটে ব্রাজিলিয়ান তারকার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের কথা জানায়। ক্লাবের বিবৃতিতে অবশ্য তার সেরে ওঠার সম্ভাব্য কোনো সময়ের কথা বলা হয়নি। 

এই চোটে লা লিগায় ভালেন্সিয়া ও রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারবেন না রদ্রিগো। 

গত মাসেও চোট বেশ ভুগিয়েছে তাকে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন রদ্রিগো। সেই ম্যাচের পুরোটা সময় অবশ্য খেলেছিলেন তিনি। তবে দলের পরের তিন ম্যাচে আর খেলতে পারেননি ২৫ বছর বয়সী এই ফুটবলার।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে-অফেও খেলতে পারবেন না রদ্রিগো। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে সরাসরি নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয় রেয়াল। ওই ম্যাচেই শেষ দিকে বহিষ্কার হন রদ্রিগো। 

পরে উয়েফার ডিসিপ্লিনারি কমিটি জানায়, রেফারির উদ্দেশ্যে আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন রদ্রিগো। এজন্য তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

দুই লেগের প্লে-অফেও পর্তুগিজ ক্লাব বেনফিকাকে পেয়েছে মাদ্রিদের দলটি। ওই দুই ম্যাচেই খেলতে পারবেন না চলতি মৌসুমে তিনটি গোল ও ছয়টি অ্যাসিস্ট করা রদ্রিগো।