২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের বাকি ১১ দিন: ধরাছোঁয়ার বাইরে ফঁতেনের রেকর্ড

বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

বিশ্বকাপের বাকি ১১ দিন: ধরাছোঁয়ার বাইরে ফঁতেনের রেকর্ড
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ের পর জুস্ত ফঁতেনকে কাঁধে তুলে নেন তার সতীর্থরা। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 07:55 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

আর ১১ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

এই ধারাবাহিকতায় আজ থাকছে জুস্ত ফঁতেনের এক অবিশ্বাস্য রেকর্ড, ৬৮ বছর ধরে যা টিকে আছে সগৌরবে।

১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে ছয় ম্যাচ খেলেই ১৩টি গোল করেন ফরাসি গ্রেট ফঁতেন– বিশ্বকাপের এক আসরে যা সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল সান্দর কোচিশের, ১৯৫৪ সালের সুইজারল্যান্ড আসরে ১১ গোল করেছিলেন এই হাঙ্গেরিয়ান।  

তালিকায় পরের তিনটি স্থানে আছেন পশ্চিম জার্মানির জার্ড মুলার (১৯৭০ আসরে ১০ গোল), ব্রাজিলের আদেমির দে মেনেজেস (১৯৫০ আসরে ৯ গোল) ও পর্তুগালের ইউসেবিও (১৯৬৬ আসরে ৯ গোল)।

ইতিহাস গড়ার ওই আসরে শুরুতে ফঁতেনের খেলার সম্ভাবনা তেমন ছিল না। তিনি নিজেও সেই আশা করেননি, তাই মাত্র এক জোড়া বুট নিয়ে বিশ্বকাপে যান এই স্ট্রাইকার। তবে, দলের অনেকের চোট সমস্যায় বাধ্য হয়ে ফঁতেনকে খেলানোর সিদ্ধান্ত নিতে হয় কোচকে। 

হঠাৎ মাঠে নামতে পারার ফঁতেনের সেই উচ্ছ্বাস অল্প সময়েই দুর্ভাবনায় রূপ নেয়; অনুশীলনে তার একটি বুট ছিঁড়ে যায়। পরবর্তীতে সেই স্মৃতি রোমান্থন করে তিনি বলেছিলেন, “আমি একদম ভেঙে পড়েছিলাম। ভেবেছিলাম, হয়তো আমার সুযোগ শেষ।”

তার কেবল একজন সতীর্থ একই সাইজের বুট পরতেন, আরেক ফরোয়ার্ড স্তেফানি। তিনি তার বুটজোড়া ধার দিয়েছিলেন ফঁতেনকে। 

ওই বুট পরেই প্যারাগুয়ের বিপক্ষে যাত্রা শুরুর ম্যাচে হ্যাটট্রিক করেন ফঁতেন। গ্রুপ পর্বে যুগোস্লোভিয়ার বিপক্ষে দুটি ও তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে একটি গোল করেন তিনি। এরপর, কোয়ার্টার-ফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের জালে দুটি এবং সেমি-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে একটি গোল করেন ফঁতেন।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি যদিও হেরে যায় ফ্রান্স। পরে তৃতীয় স্থান নির্ধারিণী ম্যাচে পশ্চিম জার্মানির বিপক্ষে ৬-৩ ব্যবধানে জয়ের ম্যাচে একাই চারটি গোল করেন ফঁতেন।