২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মেজাজ হারালেন নেইমার

প্রতিপক্ষের ভক্ত, খেলোয়াড় ও বোর্ড সদস‍্যদের সঙ্গে ঝামেলায় জড়ান সান্তোস তারকা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 04:39 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

হেমোর মাঠে নেইমারের সময়টা ঠিক শান্তিপূর্ণ ছিল না। মেজাজ হারিয়ে প্রতিপক্ষের ভক্ত, খেলোয়াড় ও বোর্ড সদস‍্যদের সঙ্গে ঝামেলায় জড়ান সান্তোস তারকা।

কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে হেমোর মাঠে খেলে সান্তোস। ঘরের গোলশূন‍্য ড্র করা দলটি এবার ১-০ গোলে জিতে পৌঁছায় শেষ আটে।

শুরুর একাদশে না থাকা নেইমারকে উত‍্যক্ত করছিলেন প্রতিপক্ষের ভক্তরা। খেলা শুরুর আগে থেকেই সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ডকে লক্ষ‍্য করে অবমাননাকর কথা বলতে থাকেন কেউ কেউ। দ্বিদীয়ার্ধে বদলি নেমে একমাত্র গোলে অ‍্যাসিস্ট করেন নেইমারই। 

গ‍্যালারিতে থাকা সান্তোস সমর্থকদের লক্ষ‍্য করে চুমু ছুঁড় দিয়ে হাসিমুখে মাঠ ছাড়েন নেইমার। কিন্তু পরিস্থিতি বদলে যায় তিনি টানেলে যেতেই। প্রতিপক্ষের খেলোয়াড়দের লক্ষ‍্য করে ‘বাদ পড়েছে, বাদ পড়েছে’ বলে চিৎকার করতে দেখা যায় তাকে। 

তার এই আচরণ ভালোভাবে নেননি হেমো প্রেসিডেন্ট কার্লোস আন্তনিও তেসেইরা।

“সান্তোসের এটা করার প্রয়োজন ছিল না। ওই অপদার্থ নেইমার, যাকে বাচ্চারা আদর্শ মানে, জোকারের মতো আচরণ করছিল এবং এরপর আমাদের উস্কানি দিল। তার মতো অপদার্থকে আদর্শ বানানোর জন‍্য আমরা নিজেরাই দায়ী।”