২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

অ্যানফিল্ড বলেই আশাবাদী স্লট, পাশে চান সমর্থকদের

মৌসুমে যাদের বিপক্ষে দুই দফায় হেরেছে লিভারপুল, চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে আবার সেই গালাতাসারাইয়ের মুখোমুখি হচ্ছে তারা।

অ্যানফিল্ড বলেই আশাবাদী স্লট, পাশে চান সমর্থকদের
আর্না স্লট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 08:36 AM

Updated : 26 Aug 2026, 03:11 PM

মৌসুম জুড়ে উত্থান-পতনের মধ্য দিয়ে চলছে লিভারপুল। সমর্থকরাও যেন মুখ ফিরিয়ে নিয়েছে। সবশেষ ম্যাচে যেমন কোচ ও খেলোয়াড়দের দুয়ো দিয়েছে সমর্থকদের একটা অংশ। তবে লিভারপুল কোচ স্লটের বিশ্বাস, দলের বাজে পারফরম্যান্স নিয়ে হতাশা থাকলেও, গালাতাসারাইয়ের বিপক্ষে এক গোলের ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টায় সমর্থকদের পাশে পাবেন তারা।

লিভারপুল এই মৌসুমে গালাতাসারাইয়ের বিপক্ষে দুইবার খেলেছে, দুইবারই তুরস্কে। সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে দলটির কাছে ১-০ গোলে হারের পর, গত সপ্তাহে শেষ ষোলোর প্রথম লেগেও তারা একই ব্যবধানে পরাজিত হয়।

অ্যানফিল্ডে বুধবার হবে ফিরতি লেগ। এবার খেলাটা ঘরের মাঠে বলেই জয়ের ব্যাপারে আশাবাদী স্লট। 

“বিষয়টি কঠিন, কারণ আমরা তাদের বিপক্ষে দুইবার খেলেছি এবং দুইবারই হেরেছি।”

“আমাদের জন্য ভালো দিক হলো, এটিই প্রথম ম্যাচ যা আমরা ঘরের মাঠে খেলব (তাদের বিপক্ষে)। সমর্থকদের সমর্থন আমাদের সঙ্গে আছে। আগামীকাল (বুধবার) রাতেও তারা সমর্থন জানাবে, কারণ এই ক্লাবের জন্য তারা সবসময় এমনই ছিল এবং থাকবে।”

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল এই মৌসুমে ধুঁকছে। গত রোববার অ্যানফিল্ডে লিগ ম্যাচে তাদের ১-১ গোলে রুখে দেয় টটেনহ্যাম হটস্পার। ওই ম্যাচে অনেক সমর্থক সময় শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যায় এবং অন্যরা ম্যাচ শেষে স্লট ও তার খেলোয়াড়দের দুয়ো দেয়।

এবার জয় দিয়ে হতাশ সমর্থকদের মুখে হাসি ফোটানোর প্রত্যয় জানালেন লিভারপুল কোচ।

“তাদের হতাশ দেখাটা কখনোই ভালো লাগে না, কারণ সাধারণত জয়ের পর সমর্থকরা হতাশ হয় না। দ্বিতীয়ত যখন আমি এখানে আসি, তখন লোকেরা আমাকে বলেছিল, এই ক্লাব অন্য ক্লাবগুলোর থেকে আলাদা- তারা একজন ম্যানেজারকে অনেক দীর্ঘ সময় ধরে সমর্থন করে।”

“যদি এটা সত্যি হয় (যে ভক্তরা অধৈর্য হয়ে উঠছে), আর আমি তা একেবারেই অনুভব করছি না, তাহলে নিশ্চয়ই আমি অনেক ভুল করেছি এবং এই অনুভূতি কখনোই সুখকর নয়। তবে আমি এটাও জানি ফুটবল দুনিয়া কীভাবে চলে- জয় অনেক কিছু বদলে দিতে পারে এবং আগামীকাল (বুধবার) রাতে আমরা সেটাই চেষ্টা করব। এর জন্য আমরা পুরোপুরি প্রস্তুত- এটুকু বলতে পারি।”

ডাচ কোচ জানিয়েছেন, স্ট্রাইকার আলেকসান্দার ইসাক এই ম্যাচে খেলার জন্য ফিট নন, আর ডিফেন্ডার জো গোমেজের খেলার বিষয়ে ম্যাচের দিন সিদ্ধান্ত নেওয়া হবে।