‘সে বাচ্চা নয়’, ইয়ামালকে নিয়ে ফ্লিক
বয়স মাত্র ১৭ হলেও লামিনে ইয়ামালের গুণের কমতি নেই, বলছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
বিশ্বের সেরা ফুটবলারদেরর একজন তো বটেই, কারও কারও মতে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার লামিনে ইয়ামাল। কেবল তার বয়সটাই ধন্ধে ফেলে দেয়। মাত্র যে ১৭! এই বয়সে একজন ফুটবলারের প্রতিভা আর সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। অথচ ইয়ামালকে নিয়ে আলোচনা, এখনই তিনি বিশ্বের সেরা কি না! সেই আলোচনার পালে হাওয়া দিয়েই বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক বললেন, বয়সের তুলনায় অনেক বেশি পরিণত ও সমৃদ্ধ এই বিস্ময়-বালক।
প্রতিভার ঝলক গত মৌসুমেই যথেষ্ট দেখিয়েছেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে মাঠ মাতানোর পর বড় অবদান রেখেছেন স্পেনের ইউরো জয়েও। এই মৌসুমে তিনি স্রেফ এক ধাপ নয়, নিজেকে এগিয়ে নিয়েছেন যেন কয়েক ধাপ। বার্সেলোনার কোপা দেল রে জয়, এখন লিগ শিরোপা জয়ের খুব কাছে চলে আসা, সবকিছুতেই তার ছিল উজ্জ্বল ভূমিকা। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে দল ছিটকে পড়লেও ইয়ামালের পারফরম্যান্স ছিল জাদুকরি।
তেমন আরেকটি পারফরম্যান্স তিনি মেলে ধরেন রেয়াল মাদ্রিদের বিপক্ষে রোববার এল ক্লাসিকোয়। দলকে সমতায় ফেরানো গোলটি তো করেছেনই, করতে পারতেন আরও গোল। ডানপ্রান্ত দিয়ে বারবার রেয়ালের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছেন ম্যাচজুড়ে।
যথারীতি এই ম্যাচ শেষেও তার প্রশংসার উচ্চকিত চারপাশ। তার বয়সটা এমন যে, সেই প্রসঙ্গও উঠে আসে বারবার। এই বয়সের একজন ফুটবলার কীভাবে একটা পরিপূর্ণ, তা বিস্ময় জাগায় প্রতিনিয়ত।
রেয়ালকে হারানোর পর সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, ইয়ামালকে বয়স দিয়ে বিবেচনা করাটাই হবে বিভ্রান্তিকর।
“সে মোটেও বাচ্চা নয়। সবকিছুই আছে তার। খুবই ভালো করছে সে। তার আত্মবিশ্বাস প্রবল, নিজের ওপর আস্থা ও ভরসা অনেক যে, কাজটা সে করতে পারে। খুবই বুদ্ধিদীপ্ত ফুটবলার সে।”
“আজকে সে আমাদেরকে ম্যাচে ফিরিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ গোল ছিল সেটি। আমার চোখে তার সবচেয়ে বড় গুণ, প্রতিটি ম্যাচ শেষেই সে সামনে তাকায়। ১৭ বছর বয়সী একজনের জন্য এটা বিশাল এক গুণ। তার কাছ থেকে আমরা এসবই চাই। এরকম গুণ তার আরও অনেক আছে। তার মতো একজনকে পাওয়া আমাদের জন্য দারুণ।”
