২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষন্নতায় ফুটবল ছাড়ার কথা ভেবেছিলেন রাফিনিয়া

পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ার এগিয়ে নিতে সবার মনোবিদের সাহায্য নেওয়া উচিত বলে মনে করেন বার্সেলোনা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 07:37 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

নতুন মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ ছন্দে আছেন রাফিনিয়া। সবশেষ ম্যাচে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের স্বাদ। তবে কাতালান ক্লাবটিতে তার পথচলা সবসময় মসৃণ ছিল না। ক্লাবের সঙ্গে মানিয়ে নিতে সংগ্রাম করতে হয়েছে, পারফরম্যান্স নিয়ে হয়েছে সমালোচনা। বিষন্নতায় আক্রান্ত হয়ে একটা সময়ে ফুটবল ছেড়ে দেওয়ার ভাবনাও তার মনে বাসা বেঁধেছিল বলে জানিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লা লিগায় গত শনিবার রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে বার্সেলোনার ৭-০ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেন রাফিনিয়া। এছাড়া তিনি অবদান রাখেন আরও দুটি গোলে।

২০২২ সালের জুলাইয়ে পাঁচ বছরের চুক্তিতে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। নানা সময়ে প্রতিভা ও সামর্থ্যের ঝলক দেখালেও, প্রত্যাশিত ধারাবাহিকতা তিনি দেখাতে পারেননি। পারফরম্যান্সের সমালোচনা যেমন হয়েছে, তার ক্লাব ছাড়ার গুঞ্জনও শোনা গেছে নিয়মিত।

স্প্যানিশ রেডিও ‘আরএসি-১’কে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া তুলে ধরলেন বার্সেলোনায় তার কঠিন সময়ের কথা। ক্লাব ছাড়ার কথাও ভেবেছিলেন বলে জানালেন তিনি।  

“হ্যাঁ (কখনও বার্সা ছাড়ার কথা ভেবেছিলেন কিনা), এখানে আমার প্রথম ছয় মাসে। আমার এবং আমার পরিবারের জন্য পরিস্থিতি কঠিন ছিল। (কাতার) বিশ্বকাপের পর আমি উন্নতি করেছি এবং মৌসুমটি ভালোভাবে শেষ করতে পারি, কিন্তু মানিয়ে নিতে সংগ্রাম করতে হয়েছে। আমি তখন মাঝে মাঝে চলে যাওয়ার কথা ভেবেছি, কিন্তু সেই ভাবনাগুলো দ্রুত সরে যায়।”

“যদি কঠোর পরিশ্রম করেন এবং একটি ফুটবল ক্যারিয়ার পেতে চান, তাহলে হাল ছেড়ে দিতে পারবেন না। আমার জন্য হাল ছেড়ে দেওয়ার, ফুটবল ছেড়ে দেওয়ার এবং জীবন চালিয়ে যাওয়ার অনেক কারণ ছিল। এটি এমন একটি পেশা, যা আপনাকে ধ্বংস করে দিতে পারে। এমন কিছু মুহূর্ত এসেছে, যখন আমি বাড়ি ফিরেছি এবং পরের দিন সকালে আবার ট্রেনিং করতে উঠব কি-না, জানতাম না। আমি এখানে (বার্সায়) কেঁদেছিও।”

এমন সব কঠিন সময়ে ক্যারিয়ার এগিয়ে নিতে সবার মনোবিদের সাহায্য নেওয়া উচিত বলে মনে করেন ২৭ বছর বয়সী রাফিনিয়া।

“আমি মনস্তাত্ত্বিক কাজ করি, কারণ আমি দেখেছি এটা কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকেরই এই কাজ করা উচিত, কারণ এটি অনেক সাহায্য করে। যদি নিজের যত্ন না নেন, ফুটবল আপনাকে ধ্বংস করে দেবে। বিষণ্নতায় আক্রান্ত হওয়া এবং হাল ছেড়ে দেওয়া খুব সহজ।”

গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেন রাফিনিয়া। তারপরও, এবারের গ্রীষ্মের দলবদলে তার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে। তার প্রতি ইংলিশ ও সৌদি আরবের ক্লাবের আগ্রহের খবর এসেছে। এসবে বেশ বিরক্ত তিনি।

“এসব (খবরগুলো) দেখা বিরক্তিকর, এমনকি তা স্বাভাবিক হলেও। প্রতিদিনই কোনো না কোনো খবর শোনা যায় যে, আমি এখানে বা সেখানে যাচ্ছি। এসবে অবশ্যই বিরক্ত লাগে, কিন্তু আমার ভাবনা সবসময় এখানেই থাকে। আমি অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু আমার জন্য সবচেয়ে ভালো বিষয় হলো বার্সায় থাকা।”

এই মৌসুমে বার্সেলোনার অধিনায়কদের একজন রাফিনিয়া। নতুন কোচ হান্সি ফ্লিকের হাত ধরে লা লিগায় প্রথম চার ম্যাচের সবগুলোই জিতেছে দলটি। যেখানে রাফিনিয়ার গোল ও অ্যাসিস্ট সমান ৩টি করে। তারপরও ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের আসছে দুই ম্যাচের দলে জায়গা পাননি তিনি।