৯০ মিনিট একইভাবে খেলার ‘শারীরিক-মানসিক সামর্থ্য নেই রেয়ালের’
রায়ো ভাইয়েকানোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে ছন্দ পতনের ব্যাখ্যায় এই কথা বলেছেন রেয়াল মাদ্রিদ কোচ জুজে মরিনিয়ো।
রায়ো ভাইয়েকানোর বিপক্ষে প্রথম আধা ঘণ্টায় যে দাপুটে ফুটবল খেলে রেয়াল মাদ্রিদ, পরে তা আর ধরে রাখতে পারেনি তারা। এর পেছনের কারণ হিসেবে কোচ জুজে মরিনিয়ো বললেন, পুরো ম্যাচ একই গতিতে খেলে যাওয়ার শারীরিক ও মানসিক সামর্থ্য নেই তার দলের।
লা লিগায় শনিবার ৪-১ গোলে জিতেছে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে দলের জয়ের পথে জোড়া গোল করেছেন কিলিয়ান। একবার করে জালের দেখা পেয়েছেন আলভারো কাররেরাস ও জুড বেলিংহ্যাম।
৩৫তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর ছন্দ হারায় রেয়াল এবং দ্বিতীয়ার্ধে ভালো খেলতে না পারায় ঘরের মাঠে দুয়োও শোনেন দলটির খেলোয়াড়রা। দল কেন সেই গতি পরে ধরে পারেনি, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা দিলেন মরিনিয়ো।
“এটা যেন ছিল ৪৫ মিনিটের খেলা। প্রথমার্ধে তারা যেভাবে খেলে, সেভাবে (পুরোটা সময়) খেলে যাওয়ার শারীরিক ও মানসিক শক্তি দলের নেই। ওদের শক্তির ঘাটতি আছে, সেটা শুধু শারীরিক নয়, মানসিকও।”
দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স নিয়ে যদিও খুব একটা ভাবছেন না মরিনিয়ো। তার কাছে গুরুত্ব পাচ্ছে দলের জয়ে ফেরা। লিগে আগের ম্যাচে রেয়াল বেতিসের বিপক্ষে হারে বেশ চাপে ছিল গত দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে না পারা দলটি।
“জেতাটাই আসল। বিশেষ করে সবশেষ লিগ ম্যাচে হারের পর। আমরা প্রথমার্ধেই ম্যাচ নিজেদের করে নিয়েছি এবং দ্বিতীয়ার্ধে আমরা তেমন ভালো খেলতে পারিনি, এটা সহজ নয়।
“আমরা অনেক গোল করছি, তবে আমরা অনেক বেশি সুযোগ হাতছাড়াও করছি… কোনো দিন ওই সব সুযোগ হাতছাড়া করার জন্য দলকে মাশুল দিতে হবে। জয়ের জন্য আমি খুশি।“
পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে উঠেছে রেয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে বার্সেলোনা, গত দুইবারের লিগ চ্যাম্পিয়নরা একটি ম্যাচ কম খেলেছে।
