২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আত্মসমালোচনা জাগিয়ে দিয়েছে এমবাপেকে’

আত্মদর্শন রেয়াল মাদ্রিকেও কঠিন সময় পেছনে ফেলতে সাহায্য করেছে বলে মনে করেন কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 03:46 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

এক সপ্তাহের মধ্যে দুটি পেনাল্টি মিস করাসহ সামগ্রিক পারফরম্যান্স নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন কিলিয়ান এমবাপে। ওই সময়ে ফরাসি ফরোয়ার্ড নিজেও আত্মসমালোচনা করেছেন বলে মনে করেন কার্লো আনচেলত্তি। রেয়াল মাদ্রিদ কোচের মতে, সেটিই ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে বিশ্বকাপ জয়ী তারকাকে।  

চলতি বছরের শেষ ম্যাচে রোববার লা লিগায় সেভিয়াকে ৪-২ গোলে হারিয়ে, বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠেছে রেয়াল। ঘরের মাঠে দশম মিনিটে বুলেট গতির শটে দলকে এগিয়ে নেওয়া এমবাপে পরে অ্যাসিস্টও করেন একটি। অন্য তিনটি গোল করেন ফেদেরিকো ভালভের্দে, রদ্রিগো ও ব্রাহিম দিয়াস। 

রেয়ালের হয়ে সবশেষ আট ম্যাচে এমবাপে গোল করেছেন ছয়টি। আর মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে তার গোল এখন ১৪টি।

পিএসজিতে চুক্তির মেয়াদ শেষে গত গ্রীষ্মে রেয়ালে যোগ দেওয়ার পর নতুন ঠিকানায় মানিয়ে নিতে সংগ্রাম করছিলেন তিনি। পড়তি ফর্ম তো ছিলই, চোটে বাইরেও থাকতে হয় তাকে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ও লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পেনাল্টি মিস করে সমালোচনার তিরে বিদ্ধ হন তিনি।

দল হিসেবে মাঠে সংগ্রাম করতে হচ্ছিল রেয়ালকেও। অক্টোবরে লিগে বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা। এরপর ঘরের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে তারা হেরে যায় ৩-১ গোলে। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট টেবিলে ২০ নম্বরে আছে প্রতিযোগিতাটির সফলতম দলটি।

আনচেলত্তি স্বীকার করে নিলেন, মানসিক দৃঢ়তা ও সম্মিলিত প্রচেষ্টার অভাব তার তারকাখচিত দলকে পেছনে ঠেলে দিয়েছিল। তবে আত্মসমালোচনা আবার তাদের ছন্দ খুঁজে পেতে সাহায্য করেছে।

“এসি মিলানের বিপক্ষে হারের পর আমরা ড্রেসিং রুমে খুব পরিষ্কারভাবে কথা বলে সবকিছু সাজিয়ে নিয়েছিলাম। আত্মসমালোচনা থেকে আমরা বুঝতে পারি, আমাদের কীসের অভাব ছিল, আর সেটা হলো মানসিক দৃঢ়তার, সম্মিলিত নিবেদনের, একটু বেশি দৌড়ানোর অভাব।”

“সবকিছু আমাদের যেভাবে করা দরকার ছিল, সেভাবে কাজ করে আমরা ঘুরে দাঁড়িয়েছি... এমবাপে নিজের কাজের ভুল খুঁজে বের করেছে, আর একারণেই সে এমন একটি পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে, যা আরও জটিল হতে পারত।”

চোটজর্জর দল নিয়েও চলতি বছর স্বপ্নের মতো কেটেছে রেয়ালের। ২০২৪ সালে মোট পাঁচটি শিরোপা জিতেছে তারা। স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ জয়ের পর গত সপ্তাহে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি ঘরে তোলে মাদ্রিদের দলটি।

সব মিলিয়ে এই বছরে দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি আনচেলত্তি। নতুন বছরেও ভালো কিছুর আশায় অভিজ্ঞ ইতালিয়ান কোচ।

“২০২৪ সালে আমি দলকে এ প্লাস দেব। গত মৌসুমটি দুর্দান্ত ছিল। আমরা (এই মৌসুম) আরও কঠিন অবস্থায় শুরু করি, কিন্তু আমরা সময়মতো পরিস্থিতি ঠিক করতে সক্ষম হয়েছি এবং ২০২৫ এর জন্য আশা আছে, তবে এটির (এই বছরের সাফল্যের) পুনরাবৃত্তি করা কঠিন। আমরা চেষ্টা করব।”