২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউনাইটেডের ফুটবলাররা ভয় নিয়ে মাঠে নামছে’, আমুরির স্বীকারোক্তি

ম্যানচেস্টার ইউনাইটেড কোচের মতে, দলের ধারাবাহিক বাজে পারফরম্যান্সের প্রভাব পড়ছে খেলোয়াড়দের ওপর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 06:34 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

ব্যর্থতার বলয় যেন ভাঙতেই পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। মাঝেমধ্যে ভালো পারফরম্যান্স করলেও, সেটা ধরে রাখতে পারছে না তারা। এর একটি কারণ খুঁজে পেয়েছেন কোচ হুবেন আমুরি। তার মতে, দলের বাজে পারফরম্যান্সের বিরূপ প্রভাব পড়ছে খেলোয়াড়দের ওপর। মাঠে নামলেই ভয় চেপে ধরছে তাদের।

দীর্ঘ দিন ধরেই মাঠের পারফরম্যান্সে সেরা অবস্থায় নেই ইউনাইটেড। নতুন কোচ আমুরির কোচিংয়েও এখন পর্যন্ত ভালো কিছুর সম্ভাবনা দেখাতে পারেনি তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ চার ম্যাচে হেরেছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচে কোনো গোলই করতে পারেনি ইউনাইটেড। উল্টো হজম করেছে সাতটি। ধারাবাহিক বাজে পারফরম্যান্সে কারণে অবনমনের শঙ্কায় পড়েছে দলটি।

১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৪ নম্বরে আছে ইউনাইটেড। ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৯৮৯ সালের পর এই প্রথম এতটা বাজে অবস্থানে থেকে বছর শেষ করেছে দলটি। নতুন বছরে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে রোববার ছন্দে থাকা লিভারপুলের মুখোমুখি হবে আমুরির দল।

ম্যাচটিকে সামনে রেখে দলের আত্মবিশ্বাস কমে গেছে বলে মনে হচ্ছে ইউনাইটেড কোচের।

“তারা (খেলোয়াড়রা) উদ্বিগ্ন, মাঝেমধ্যে মাঠে ভয়ও পাচ্ছে। আমাদের এটা মোকাবেলা করতে হবে। অন্যদের সাহায্য করার জন্য দলের নেতাদের এগিয়ে আসতে হবে, আর পারফরম্যান্সের উন্নতির জন্য আমি এখানে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি।”

“খেলোয়াড়রা চেষ্টা করছে। তবে কখনও কখনও তারা খুব উদ্বিগ্ন হয়ে পড়ছে, ফুটবল খেলতে খুব ভয় পাচ্ছে। কারণ সময়টা খুব কঠিন। আমরা খেলোয়াড়দের আরও ভালো করতে সহায়তা করব।”

গত নভেম্বরে এরিক টেন হাগের বিদায়ের পর ইউনাইটেডের দায়িত্ব নেন আমুরি, তার কোচিংয়ে ১১ ম্যাচের মধ্যে ৬টি হেরেছে দলটি।