ইংরেজি কেন শিখিনি, এখন আক্ষেপ করেন মেসি
স্কুল জীবনের কথা স্মরণ করে লিওনেল মেসি বললেন, সেই স্মৃতি তার জন্য ভালো নয়।
বল পায়ে জাঁদু দেখাতে পারেন, গোলের পর গোল আর রেকর্ডের পর রেকর্ড গড়তে পারেন। তর্ক সাপেক্ষে যাকে সর্বকালের সেরা ফুটবলারের মুকুটও পরিয়ে দেন অনেকে; সেই লিওনেল মেসিরও কিছু না পারার অতৃপ্তি আছে। যেমন, তিনি ভালোভাবে ইংরেজি বলতে পারেন না এবং এ নিয়ে ‘গভীর অনুশোচনা’ কাজ করে আর্জেন্টাইন তারকার।
স্কুল জীবনে পড়াশোনায় খুব একটা মনোযোগী ছিলেন না মেসি। শৈশবের, বিশেষ করে আর্জেন্টিনার রোসারিওর স্কুল জীবনের স্মৃতি আওড়াতে গিয়ে বলেছেন, যেখানে শেষ সময়টা তার জন্য ছিল ‘বিপর্যয়কর’!
‘মিরো দে আত্রাস’ পডকাস্টে মেসি খুলে দেন অজানা অনেক দুয়ার। সেখানে ফুটবল নিয়ে তার গভীর জীবনবোধও উঠে এসেছে স্পষ্টভাবে। ২০২২ বিশ্বকাপ জয়ী এই তারকা অকপটে বলেছেন, ইংরেজি নিয়ে তার অদক্ষতা।
বিশেষ করে জ্ঞানী ব্যক্তিদের সাথে ইংরেজি ভাষায় কথা বলতে না পারা, তাদের সাথে তাল মেলাতে না পারায় অন্তত ওই ক্ষেত্রে নিজেকে ঠিক যোগ্য মনে হয় না মেসির।
“অনেক কিছু নিয়েই আমার দুঃখবোধ আছে। ছেলেবেলায় ইংরেজি ভাষাটা শিখতে পারিনি। অন্তত ইংরেজি শেখার মতো সময় আমার ছিল, কিন্তু আমি পড়িনি। এটা নিয়ে গভীর অনুশোচনা হয়।”
“এমন অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, যেখানে অবিশ্বাস্য ও দারুণ সব ব্যক্তিত্বের সাথে কথা বলার, আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছি; কিন্তু (ইংরেজি না পারার কারণে) নিজেকে অর্ধেক অজ্ঞ অনুভব করেছি। আমি সবসময় ভাবতাম: কী বোকা আমি! কীভাবে সময়টা নষ্ট করলাম!”
শৈশবে শিশুরা অনেক কিছু বোঝে না, বুঝতে চায় না, সেটা মানেন মেসিও। তিনি এখন নিজেও তিন ছেলের বাবা। সন্তানদের তাই শিক্ষার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন তিনি।
“ছেলেবেলায় এটা কেউ উপলব্ধি করে না। এ কারণে এখন আমি আমার বাচ্চাদের বলি, সুশিক্ষা, পড়াশোনা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার গুরুত্ব কতখানি।”
“আমার সন্তানদের সবসময় বলি, এই সুযোগের সদ্ব্যবহার করতে। আমার যা ছিল, তার চেয়ে তাদের পরিস্থিতি আলাদা, যদিও আমার (শৈশবে) কোনো কিছুর কমতি ছিল না…।”
মাত্র ১৩ বছর বয়সে বাবার হাত ধরে রোসারিও ছেড়ে বার্সেলোনায় পাড়ি দেন মেসি। যোগ দেন কাতালুনিয়ার ক্লাবটিতে। রোসারিও ও বার্সেলোনার স্কুল জীবনের সময়ের স্মৃতি এখনও অমলিন তার কাছে। যদিও সে স্মৃতি, তার কাছে শিক্ষার দৃষ্টিকোণ থেকে দুঃখেরই!
“আর্জেন্টিনায় আমার স্কুল জীবনের শেষ বছরটি ছিল বিপর্যয়কর।”
“জানতাম আমি বার্সেলোনায় চলে যাব। বার্সেলোনায় আমি লা মেসিয়ার অন্যদের সাথে হাই স্কুল শেষ করি।”
বার্সেলোনায় ফুটবলার হিসেবে ভুরিভুরি শিরোপা জিতেছেন মেসি। বার্সেলোনাকে বিদায় বলে, পিএসজিতে দুই বছর খেলে, ২০২৩ সালে তিনি নোঙর ফেলেন ইন্টার মায়ামিতে। ফুটবলও তাকে মুল্যবান শিক্ষা দিয়েছে, যা পুঁথিগত বিদ্যায় মেলা ভার।
“আমি সবকিছু করতে পেরেছি এবং ফুটবলের শীর্ষে পৌঁছাতে পেরেছি। এই পথচলায় অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং অনেক কিছু শিখেছি।”
“এটা সত্যি, ফুটবলও জীবনের একটি পথ। এটা আপনাকে অনেক কিছু শেখাবে, অনেক মূল্যবোধ শেখাবে। সারা জীবনের একটা বন্ধন তৈরি করে দেবে। আপনি অনেক জায়গা সম্পর্কে জানতে পারবেন।”
