ম্যাচের পরের ঘটনায় শাস্তি হচ্ছে না মেসির
মেজর লিগ সকার কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো নিয়ম ভাঙেননি ইন্টার মায়ামি অধিনায়ক।
ম্যাচ শেষের ঘটনা খতিয়ে দেখে মেজর লিগ সকার কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে, লিগের কোনো নীতি লঙ্ঘন করেননি লিওনেল মেসি। তাই কোনো শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না ইন্টার মায়ামি অধিনায়ককে।
গত শনিবার লস অ্যাঞ্জেলস এফসির মাঠে মেজর লিগ সকারের নতুন মৌসুমে ইন্টার মায়ামির প্রথম ম্যাচের পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায়, মাঠের লকার রুম এলাকায় একটি রুমে ঢোকার চেষ্টা করছেন মেসি, কিন্তু তাকে ফেরানোর চেষ্টা করছেন সতীর্থ লুইস সুয়ারেস।
পরে সুয়ারেসের হাত থেকে নিজেকে সরিয়ে নিয়ে আট সেকেন্ড পর আবার মেসিকে দেখা যায় একই চেষ্টা করতে। পরে সতীর্থদের সঙ্গে হেঁটে নিজেদের লকার রুমের দিকে চলে যান আর্জেন্টাইন তারকা।
ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠতে থাকে, রেফারির কক্ষে ঢোকার চেষ্টা করছিলেন কি না মেসি।
তবে পরে মেজর লিগ সকারের একজন মুখপাত্র দা আথলেতিককে নিশ্চিত করেন, সেটি রেফারির লকার রুম ছিল না।
পরে ইএসপিএনকে এটি নিশ্চিত করেন পেশাদার রেফারিদের সংগঠনের যোগাযোগ পরিচালক ক্রিস রিভেট, “ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে, সে (মেসি) রেফারিদের এলাকায় প্রবেশ করেনি।”
ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানান রেফারিং নিয়ে মেসির রাগ করার মতো কিছু তিনি দেখেননি, “না না না, আমি এরকম কিছুই দেখিনি। সত্যিটা হলো যে, ম্যাচ শেষে আমি লকার রুমে চলে গেছি।”
২০২৩ সালে প্লে-অফ ম্যাচের পর রেফারিদের লকার রুমে প্রবেশের পর "অসদাচরণের" জন্য এফসি সিনসিনাটির ডিফেন্ডার ম্যাট মিয়াজগার বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল এবং তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল।
রেফারির সাথে জড়িত কোনও ঘটনার জন্য মেসিকে কখনও শাস্তি পেতে হয়নি। তবে গত মৌসুমে মেজর লিগ সকারের অল-স্টার ম্যাচে মাঠে না থাকার কারণে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়াও গত মৌসুমে, খেলার পরে "প্রতিপক্ষের মুখ/মাথা/ঘাড়ে হাত দেওয়ার নীতি লঙ্ঘনের জন্য" তাকে জরিমানা করা হয়েছিল।
লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ম্যাচটি ৩-০ গোলে হেরে নতুন মৌসুম শুরু করেছে মেসির মায়ামি।
