২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জয়ের পরও রেয়াল মাদ্রিদ কোচের দুর্ভাবনা যেখানে

লিগে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকা ও এস্পানিওলের বিপক্ষে দারুণ জয়ে খুশি হলেও একটি জায়গায় উন্নতির তাগিদ জানাচ্ছেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 10:52 AM

Updated : 26 Aug 2026, 10:31 AM

দারুণ এক জয় পেয়েছে দল। দলের বড় তারকারা জ্বলে উঠছেন ক্রমেই। লা লিগায় অপরাজেয় পথচলাও চলছে। সব মিলিয়ে যথেষ্টই খুশি কার্লো আনচেলত্তি। তবে একটি অতৃপ্তির কাঁটাও খোঁচাচ্ছে রেয়াল মাদ্রিদ কোচকে। একের পর এক ম্যাচে প্রথমার্ধে যে অনেকটাই ধারহীন রয়ে যাচ্ছে তার দল!

এস্পানিওলের বিপক্ষে জয়ের ম্যাচটিই যেমন। লা লিগায় শনিবার ঘরের মাঠে এই ম্যাচে ৪-১ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

প্রথমার্ধেও নিয়ন্ত্রণ মোটামুটি ছিল রেয়ালেরই। কিন্তু গোলমুখে যথেষ্ট কার্যকার তারা ছিল না। প্রথমার্ধ ছিল গোলশূন্য। 

দ্বিতীয়ার্ধে থিবো কর্তোয়ার পায়ে লেগে জালে বল ঢুকে যাওয়া আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রেয়াল। ভিনিসিউস জুনিয়র ৫৫তম মিনিটে মাঠে নামার পরই ম্যাচের চিত্র বদলে যায়। এবার নিয়ন্ত্রণের পাশাপাশি আক্রমণেও রেয়ালের ধার ফিরে আসে। 

একটু পরই দানি কার্ভাহালের গোলে সমতায় ফেরে রেয়াল। পরে ভিনিসিউসের দারুণ পাস থেকে দলকে এগিয়ে নেন রদ্রিগো। ভিনিসিউস নিজে এরপর গোল করে ব্যবধান বাড়িয়ে নেন আরও। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপে।

দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে সন্তুষ্টিই ফুটে উঠল আনচেলত্তির কণ্ঠে। 

“আমরা ভালো খেলেছি, দলীয় সমন্বয় ভালো ছিল মাঠে। যদিও কার্যকর হচ্ছিল না একটা সময় পর্যন্ত, তবে আমরা চেষ্টা করে গেছি।”

“দ্বিতীয়ার্ধে খেলা উন্মুক্ত হয়ে পড়ে… এই ব্যাপারটা আমাদের সঙ্গে খাপ খাইয়ে যায় দারুণভাবে। পিছিয়ে পড়ার পর আমরা ভালোভাবে সাড়া দিয়েছি এবং পরিপূর্ণ ম্যাচ খেলেছি। আগের ম্যাচগুলির চেয়ে আমরা ভালো খেলেছি এ দিন। ছন্দ ভালো ছিল, আরও বেশি সুযোগ তৈরি করেছি। ভালো ম্যাচ হয়েছে। আস্তে আস্তে আমরা সেরা চেহারায় ফিরছি। আমি খুশি।”

তবে সেই খুশির মধ্যে অতৃপ্তির ছোঁয়াও আছে। গত মৌসুম থেকে এই মৌসুম মিলিয়ে লিগে এখন টানা ৩৮ ম্যাচে অপরাজিত রেয়াল। কিন্তু এই মৌসুমে ছয় ম্যাচে প্রথমার্ধে রেয়ালের গোল মোটে একটি। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে তাদের ১৮ গোলের ১৭টিই এসেছে দ্বিতীয়ার্ধে। 

 দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারা দারুণ ব্যাপার অবশ্যই। তবে বারবার সেই পথে হাঁটতে চাইবেন কেন কোচ! এই ব্যাপারটি তাই ভাবাচ্ছে আনচেলত্তিকে। 

“টানা ৩৮ ম্যাচে আমরা অপরাজিত। এর মানে, আমরা অনেক কিছুই খুব ভালো করছি। তবে এই মৌসুমে একটি ব্যাপার উল্লেখ করতেই হবে, প্রথমার্ধে মাত্র একটি গোল করেছি আমরা। এই ব্যাপারটি নিয়ে ভাবতেই হবে।”

“ম্যাচের আগে ছেলেদের সঙ্গে এটা নিয়ে কথা বলেছি যে, এখানে পরিবর্তন আনতে পারি কি না। সেটা পারিনি আমরা আজকে। তবে এটা ঠিক, আজকে আমাদের তাড়না বেশি ছিল।”

একই ভাবনা রেয়াল মাদ্রিদ অধিনায়ক লুকা মদ্রিচেরও। প্রথমার্ধে গোল বের করার জায়গায় উন্নতির তাগিদ জানালেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। 

“খুব ভালো খেলেছি আমরা। তবে এটা সত্যি যে, প্রথমার্ধে কাজ শেষ করাটা কঠিন হয়ে উঠেছিল আমাদের জন্য। অনেক সুযোগ তৈরি করেছি আমরা। কিন্তু এখানে উন্নতির জায়গা আছে অনেক।”

“জানি না, মৌসুমে আমাদের সেরা ম্যাচ এটি কি না, তবে দারুণ ম্যাচ ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। এটা ধরে রাখতে হবে আমাদের। ভিনিসিউস, এমবাপে, বেলিংহ্যাম, রদ্রিগোকে পাওয়া দারুণ, ওরা দুর্দান্ত। ওরা এবং গোটা দল ভালো খেলছে। তবে আরও উন্নতি করতে হবে। পরের কয়েকটি ম্যাচ এভাবেই উন্নতি করে যেতে হবে যেন আমরা সেরা জায়গাটায় যেতে পারি।”