Published : 28 Apr 2026, 08:20 PM
রেয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের জন্য বড় ধাক্কা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ত্রোপচারের পর লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এদের মিলিতাও। ক্লাবের হয়ে বাকি মৌসুমে এবং আগামী বিশ্বকাপে খেলতে পারবেন না এই ডিফেন্ডার।
মিলিতাওয়ের অস্ত্রোপচারের কথা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি। আগামী কয়েক দিনের মধ্যে তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।
২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক গত সপ্তাহে লা লিগায় আলাভেসের বিপক্ষে প্রথমার্ধ শেষের ঠিক আগে প্রতিপক্ষের চ্যালেঞ্জের সময় হালকা ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে মাঠ ছাড়ার জন্য ইশারা করেন। পরদিন পরীক্ষায় তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ার কথা জানায় রেয়াল।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠতে পারবেন মিলিতাও। কিন্তু সেটা আর হচ্ছে না।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর খবর, পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
মিলিতাওয়ের জন্য এটি আরেকটি ধাক্কা। গত কয়েক মৌসুমে একের পর এক চোটে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। যার মধ্যে আছে পরপর দুই বছর এসিএল চোটের ঘটনাও।