২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোনাকো ব্যর্থতা ভুলে ভিয়ারেয়ালে ঘুরে দাঁড়ানোর বার্তা বার্সা কোচের

হান্সি ফ্লিক মনে করেন, সঠিক পথেই আছে তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2024, 06:14 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

লা লিগায় দুর্দান্ত শুরুর পর চ্যাম্পিয়ন্স লিগে নেমেই হোঁচট, হারের ধাক্কা। তাতে বার্সেলোনা দলকে ঘিরেও উঠতে শুরু করেছে একটা প্রশ্ন, ইউরোপীয় পর্যায়ে লড়তে কি দলে শক্তির ঘাটতি আছে? কোচ হান্সি ফ্লিক অবশ্য মোটেও তা মনে করেন না। কোনোরকম অজুহাত না দেখিয়ে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করলেন এই জার্মান।

ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্সে মৌসুমের শুরুটা অসাধারণ হয়েছে বার্সেলোনার। পাঁচ রাউন্ড শেষে একমাত্র তাদেরই আছে সবগুলো ম্যাচ জয়ের স্বাদ। ১৫ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে।

সেই অপ্রতিরোধ্য ছন্দ চ্যাম্পিয়ন্স লিগে টেনে নিতে ব্যর্থ হয় বার্সেলোনা। নতুন চেহারার টুর্নামেন্টে গত বৃহস্পতিবার মোনাকোর বিপক্ষে শুরুতেই ১০ জনের দলে পরিণত হয়ে হেরে বসে ২-১ গোলে।

ধাক্কা সামলে এবার ঘুরে দাঁড়ানোর পালা। লা লিগায় রোববার ভিয়ারেয়ালের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। আগের দিন ফ্লিকের সংবাদ সম্মেলনে খুব স্বাভাবিকভাবেই উঠল মোনাকো ম্যাচের প্রশ্ন। 

দলে নতুন খেলোয়াড়ের প্রয়োজন বোধ করছেন কি-না, এমন প্রশ্নের উত্তরে সরাসরি ‘না’ বললেন কোচ। জানালেন, নিজের খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা থাকার কথা।

“আমি কখনও নতুন খেলোয়াড় চুক্তিভূক্ত করার বিষয়ে ভাবিনি। আমাদের একটা দল আছে এবং লিগ ম্যাচে আমরা দেখিয়েছি যে, আমরা কতটা ভালো খেলতে পারি। প্রতি মৌসুমে বিষয়গুলো আসলে একই।”

 “আমরা সপ্তাহে এক, দুই বা তিনজন খেলোয়াড়কে হারাই এবং তখন আমাদের সেদিকে মনোযোগ দিতে হয়। আমরা কেবল তাদের দিকে মনোযোগ দেই, যারা খেলতে পারবে। আমরা ঠিক পথেই আছি এবং আশা করি, আগামীকাল সেটা দেখাতে পারব।”

ভিয়ারেয়ালের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।