ইসাক গুঞ্জনের মাঝে আরও খেলোয়াড় কেনার ইঙ্গিত লিভারপুল কোচের
চলতি দলবদলে ইতোমধ্যে লিভারপুল স্কোয়াডে নতুন অনেক নাম যোগ হয়েছে।
দলবদলের মৌসুমে যে লিভারপুলকে কখনও খুব বেশি ব্যস্ত দেখা যায় না, তারাই এবার ইতোমধ্যে ৩০ কোটি ইউরো খরচ করে ফেলেছে। এখানেই অবশ্য শেষ নয়। দলটির কোচ আর্না স্লট আভাস দিয়েছেন, স্কোয়াডের শক্তি বাড়াতে সামনেও নতুন খেলোয়াড় চুক্তিভুক্ত করতে পারে তারা।
গত মৌসুমের প্রিমিয়ার লিগ জয়ী দলটি থেকে অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড আগেই রেয়াল মাদ্রিদে চলে গেছেন। কিছুদিন আগে অ্যানফিল্ড ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়েছেন লুইস দিয়াস। আরেক ফরোয়ার্ড দারউইন নুনেসেরও চলে যাওয়ার জোর গুঞ্জন আছে।
শূন্যতা পূরণে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে সাত কোটি ৯০ লাখ পাউন্ডে ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকে এবং বায়ার লেভারকুজেন থেকে জার্মান মিডফিল্ডার ফ্লোহিয়ান ভিয়েৎসকে ১০ কোটি পাউন্ডে দলে টেনেছে লিভারপুল। এবারের গ্রীষ্মে অ্যানফিল্ডে আরও যোগ দিয়েছেন ডাচ রাইট-ব্যাক ইয়েরেমি ফ্রিমপং ও হাঙ্গেরির লেফট-ব্যাক মিলোস কেরকেজ।
কদিন ধরে শোনা যাচ্ছে, নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড আলেকসান্দার ইসাককে পেতে জোর চেষ্টা চালাচ্ছে লিভারপুল। ইএসপিনের খবর, গত সপ্তাহে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ১১ কোটি পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নিউক্যাসল।
ইএসপিএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, লিভারপুল এখনও ইসাককে পেতে আগ্রহী এবং তারা ট্রান্সফার ফির অঙ্ক বাড়িয়ে নতুন প্রস্তাব দিলে রাজি হবে নিউক্যাসল।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে অবশ্য সরাসরি কিছু বলতে রাজি হননি স্লট।
“অন্য সব কোচদের মতো আমার ক্ষেত্রেও বিষয়টা একইরকম, নিজের দলের খেলোয়াড় ছাড়া অন্যদের বিষয়ে কথা বলা ঠিক নয়। আমি উগোর বিষয়ে বলতে পারি, যে কিছুদিন আগে আমাদের দলে যোগ দিয়েছে এবং এখন পর্যন্ত খুব ভালো করছে।”
“এখন আমাদের যে স্কোয়াড আছে, তা নিয়ে আমরা সত্যিই খুশি এবং আমাদের আনন্দিত হওয়ার মতো যথেষ্ট কারণ আছে কারণ আমরা গত মৌসুমে লিগ জিতেছি।”
উরুগুয়ের ফরোয়ার্ড নুনেস সৌদি প্রো লিগে পাড়ি জমাতে পারেন বলে শোনা যাচ্চে। তার পরবর্তী ঠিকানা নিয়ে কিছু না বললেও, সম্ভাব্য দলবদলের আভাস দেন লিভারপুল কোচ।
“এটা ঠিক যে, কিছু খেলোয়াড় চলে গেছে। তবে আমরা নতুন খেলোয়াড় দলে এনেছিও এবং তরুণরা ভালো করছে। এই মুহূর্তে মনে হচ্ছে, দারউইন চলে যেতে পারে, কিন্তু কোনো চুক্তি এখনও হয়নি। তাই সবকিছু চূড়ান্ত হওয়ার আগে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।”
“আমার মতে, আমাদের দলের আক্রমণভাগে ইতোমধ্যে অনেক শক্তি যোগ হয়েছে… কিন্তু সবসময়ের মতো একটা ক্লাব হিসেবে আমরা সর্বদা দলবদলের বাজারে সুযোগ খুঁজি। তবে সেটা মাঝমাঠের জন্য হতে পারে এবং শেষ প্রান্তের জন্যও।”
