ওনানার মারাত্মক ভুলের পর ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর জয়ের স্বাদ পেল এরিক টেন হাগের দল।
আশা জাগানিয়া শুরুর পর গোলরক্ষক আন্দ্রে ওনানার অমার্জনীয় এক ভুলে গোল হজম করল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দুই দফা পিছিয়ে পড়ার পর প্রতিবারই সমতা ফেরাল তারা। শেষ দিকে আরও দুবার শেফিল্ড ইউনাইটেডের জালে বল পাঠিয়ে দারুণ জয় তুলে নিল এরিক টেন হাগের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ব্রুনো ফের্নান্দেস। একবার করে জালের দেখা পান হ্যারি ম্যাগুইয়ার ও গাসমুস হয়লুন।
মৌসুমের শুরু থেকে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড লিগে চার ম্যাচ পর জয়ের স্বাদ পেল। সবশেষ আট ম্যাচের মধ্যে তাদের মাত্র দ্বিতীয় জয় এটি।
এফএ কাপের সেমি-ফাইনালে গত রোববার কভেন্ট্রি সিটির বিপক্ষে ৩-০ গোলের লিড হারিয়ে টাইব্রেকারে জয়ের পর প্রবল সমালোচনার মুখে পড়ে টেন হাগের দল। এরপর শেফিল্ডের বিপক্ষে তাদের এমন উজ্জ্বল পারফরম্যান্স।
যদিও লিগ টেবিলে শীর্ষ চার থেকে অনেকটা ব্যবধানে পিছিয়ে তারা। ৩৩ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা।
৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে, ৭৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে আছে।
ঘরের মাঠে প্রথম মিনিটেই গোল প্রায় পেয়ে যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দিয়োগো দালোতের জোরাল শট জালে জড়াতে যাচ্ছিল। বাজপাখির মতো উড়ে একহাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান শেফিল্ড গোলরক্ষক ওয়েস ফোডারিংহ্যাম। সপ্তদশ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর একটি প্রচেষ্টাও ফিরিয়ে জাল অক্ষত রাখেন তিনি।
ওনানার ওই ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৩৫তম মিনিটে এগিয়ে যায় শেফিল্ড। সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে ক্যামেরুনের গোলরক্ষক অন্য পাশে দুর্বল পাসে বল বাড়ান দালোতের উদ্দেশে, ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে ওনানার পাশ দিয়ে জালে পাঠান জেডেন বোগল।
বেশিক্ষণ অবশ্য পিছিয়ে থাকতে হয়নি স্বাগতিকদের। ৪২তম মিনিটে সমতা টানেন ম্যাগুইয়ার। গারনাচোর ক্রসে চমৎকার হেডে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ ডিফেন্ডার।
বিরতির আগে এগিয়েও যেতে পারত তারা। ওনানার উঁচু করে বাড়ানো বল গাসমুস হয়লুনের পা ছুঁয়ে পেয়ে যান গারনাচো। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রচেষ্টা হাত বাড়িয়ে ঠেকান এগিয়ে থাকা ফোডারিংহ্যাম।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ফের এগিয়ে যায় শেফিল্ড। সতীর্থের পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন বেন দিয়াস।
আট মিনিট পর দারুণ একটি সুযোগ হারান দালোত। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, কিন্তু শট নিতে দেরি করে ফেলেন তিনি, বল ক্লিয়ার করেন শেফিল্ডের এক ডিফেন্ডার।
৬০তম মিনিটে কর্নারের পর শেফিল্ডের জালে বল পাঠায় ম্যানচেস্টারের দলটি, তবে তার আগেই ম্যাগুইয়ার ফাউলের শিকার হওয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন ফের্নান্দেস।
৮১তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন এই পর্তুগিজ মিডফিল্ডার। বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন তিনি।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে দলের চতুর্থ গোলটি করেন হয়লুন। দারুণভবে বল নিয়ন্ত্রণে নিয়ে ফের্নান্দেস পাস দেন দূরের পোস্টে, পা ছুঁয়ে জালে পাঠান ডেনিশ ফরোয়ার্ড।
৩৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে সবার নিচে আছে শেফিল্ড ইউনাইটেড।
