২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকোর বিপক্ষেও টের স্টেগেনকে পাচ্ছে না বার্সা

পিঠের চোটের কারণে এই নিয়ে ক্লাবের টানা তিন ম্যাচে বাইরে থাকতে হচ্ছে জার্মান গোলরক্ষককে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2023, 10:47 PM

Updated : 02 Dec 2023, 10:47 PM

পিঠের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ফলে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও এই জার্মান গোলরক্ষককে পাবে না বার্সেলোনা।

এই চোটের কারণে তিন সপ্তাহ আগে আন্তর্জাতিক বিরতিতে জার্মানি দল থেকে ছিটকে যান টের স্টেগেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, তার চোট গুরুতর নয়। তবে শতভাগ ফিট না হওয়ায় বার্সেলোনার সবশেষ দুটি ম্যাচে বাইরে থাকতে হয় তাকে। এবার খেলা হবে না আতলেতিকোর বিপক্ষেও।

বার্সেলোনার মাঠে ম্যাচটি হবে রোববার বাংলাদেশ সময় রাত ২টায়। আগের দিন সংবাদ সম্মেলনে কোচ শাভি এর্নান্দেস নিশ্চিত করে দেন , আতলেতিকোর বিপক্ষে খেলার অবস্থায় নেই ৩১ বছর বয়সী টের স্টেগেন।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১৭ ম্যাচ খেলেছেন টের স্টেগেন। তিনি না থাকায় আতলেতিকোর বিপক্ষেও গোলপোস্ট সামলানোর দায়িত্ব পাচ্ছেন ইনাকি পেনা। আগের দুই ম্যাচে জাল অক্ষত রাখতে পারেননি এই স্প্যানিশ গোলরক্ষক।

লা লিগায় ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো।

১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রেয়াল মাদ্রিদ। আর সবার ওপরে জিরোনা, ১৫ ম্যাচে দলটির ৩৮ পয়েন্ট।