২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দেশে ফিরেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ শোনালেন আনিকা

সুইডেন প্রবাসী এই মিডফিল্ডার প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে রোববার ঢাকায় এসেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 04:03 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয় শিরোপা জয়ের প্রস্তুতি নিতে বাংলাদেশে ফিরেই আশার কথা শোনালেন আনিকা রানিয়া সিদ্দিকী। সুইডেন প্রবাসী এই মিডফিল্ডার প্রত্যয়ী কণ্ঠে বললেন, লক্ষ্যে পৌঁছতে সামর্থ্যের সবটুকু নিংড়ে দিবেন তারা। 

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে এরই মধ্যে ক্যাম্প শুরু করেছেন জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। ক্যাম্পে যোগ দিতে রোববার ঢাকায় এসেছেন আনিকা। 

বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় ২০ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন, আগামী ২৫ মে ভারতের গোয়াতে শুরু হতে যাওয়া আসর নিয়ে নিজের ভাবনা।

“ফিরে আসতে পেরে ভালো লাগছে। আমরা আবারও সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য প্রস্তুত। অতীতে দল নিজেদের মান দেখিয়েছে। আমি আশা করি, আমরা এবারও সেরা ফল পাব। দলের সতীর্থদের কাছে ফিরতে পেরে ভালো লাগছে।”

“আমি আমার সর্বোচ্চ পারফরম করার চেষ্টা করব। দেশের জন্য কিছু করার চেষ্টা করব। আপনারা সবাই জানেন, এটা আমাদের সাফে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সমর্থকদের বলব, আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”

২০২২ সালে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০২৪ সালে তাদেরকেই ২-১ ব্যবধানে হারিয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার মুকুট ধরে রাখে দল।

এবারের আসরে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। এই গ্রুপের অন্য দুই দল স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরুর পর, ৩১ মে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

গত এশিয়ান কাপে চীনের বিপক্ষে ম্যাচের শেষ দিকে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় আনিকার।