১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাবা হারানোর শোকের ঝড়েও মেসি এখন ‘শান্ত’

ধাক্কা সামলে স্বাভাবিক হয়ে ওঠার চেষ্টা করছেন লিওনেল মেসি, বললেন ইন্টার মায়ামি কোচ গিয়ের্মো ওশো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 03:28 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

সময়ের প্রবাহে সব ক্ষতই একটু একটু করে মুছে যায়। বাবা হারানোর ধাক্কা যদিও তীব্র, তবু সামলে ওঠার চেষ্টা করছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো ওশো জানালেন, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছেন তার দলের অধিনায়ক এবং বল পায়ে নিজেকে আপন রূপে মেলে ধরতে শুরু করেছেন। 

গত ৮ অগাস্ট আর্জেন্টিনার রসারিওতে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। এর চার দিন পরই মাঠে নেমে চমকে দেন মেসি। লিগস কাপে মেক্সিকোর ক্লাব লেওনের বিপক্ষে বদলি হিসেবে মাঠে ফেরেন তিনি। গত রোববার ন্যাশভিলের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচ দিয়ে শুরুর একাদশেও ফেরেন। 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ ওশো মঙ্গলবার জানান, মেসি এখন স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরছেন।

“তাকে ভালো দেখাচ্ছে, মাঠে সে নিজেকে মেলে ধরছে, যে জায়গায় সে নিখুঁত হতে জানে এবং সে শান্ত আছে।”

বাবার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলেন মেসি। সেখানে তিনি বাবাকে বর্ণনা করে বাবা, বন্ধু এবং প্রতিনিধি হিসেবে, বলেন যে তাকে ছাড়া কীভাবে এগিয়ে যাবেন, তা তিনি জানেন না।

বাবাকে হারানোর চার দিন পর মেসিকে মাঠে ফিরতে দেখে বিস্মিত ও মুগ্ধ ছিলেন তার ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাজেমিরো।

“তিনি (মেসি) একটি দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিঃসন্দেহে তিনি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু শুধু খেলোয়াড়দের প্রতিই নয়, ক্লাবের প্রতিও তিনি যে দায়বদ্ধতা দেখিয়েছেন, তা অবিশ্বাস্য। আমি আমার জীবনে এমনটা আর দেখিনি।”