১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে কাম্প নউয়ে ফিরছে বার্সেলোনা

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে ঘরের মাঠে ফিরতে যাচ্ছে কাতালান ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 10:00 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

কাম্প নউয়ে ফেরার অনুমতি পেয়েছে বার্সেলোনা। দুই বছরের বেশি সময় পর চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে খেলতে যাচ্ছে কাতালান ক্লাবটি।

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে আগামী শনিবারের লা লিগার ম্যাচটি কাম্প নউয়ে খেলার বিষয়টি সোমবার নিশ্চিত করেছে বার্সেলোনা।

২০২৩ সালের মে মাসে সবশেষ কাম্প নউয়ে খেলেছিল বার্সেলোনা। এরপর এখানে ব্যাপক সংস্কার শুরু হয়। অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পটিফাই’ এর সঙ্গে জার্সি ও স্টেডিয়াম স্পন্সরশিপ চুক্তির শর্ত হিসেবে স্টেডিয়ামটির নাম বদলে হয়েছে স্পটিফাই কাম্প নউ।

বেশ কয়েকবারই কাম্প নউয়ে ফেরার পরিকল্পনা করেছিল বার্সেলোনা। কিন্তু অনুমতি সংক্রান্ত কারণে ফেরা হয়নি তাদের। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে দলটির।

সম্প্রতি পরীক্ষামূলকভাবে কাম্প নউয়ে একটি উন্মুক্ত অনুশীলন সেশন আয়োজন করেছিল বার্সেলোনা। এবার ৪৫ হাজার দর্শকের সামনে ম্যাচ খেলতে যাচ্ছে তারা।

এতদিন ঘরের মাঠের বেশিরভাগ ম্যাচ মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে খেলেছিল বার্সেলোনা। কিছু ম্যাচ ইয়োহোন ক্রুইফ স্টেডিয়ামেও খেলতে হয়েছিল তাদের।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে কিছুটা পিছিয়ে আছে বার্সেলোনা। ১২ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ।