রেয়াল মাদ্রিদের দায়িত্ব নিচ্ছেন? ক্লপ বললেন, ‘ননসেন্স’
রেয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়ার খবর উড়িয়ে দিয়ে ইয়ুর্গেন ক্লপ জানালেন, এমন কোনো প্রস্তাবই পাননি তিনি।
গুঞ্জনটি নানা সময়েই উঠেছে। গত কিছুদিনে সেটি আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছিল। তবে ডালপালা ছড়ানোর আগেই তা ছেঁটে দিলেন ইয়ুর্গেন ক্লপ। রেয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়া তো দূরের কথা, কোনো প্রস্তাবই পাননি বলে জানালেন লিভারপুলের সাবেক কোচ।
মৌসুমের মাঝপথে শাবি আলোন্সোকে সরিয়ে দেওয়ার পর রেয়ালের কোচের দায়িত্ব চালিয়ে নিচ্ছেন এখন আলভারো আরবেলোয়া। তবে ভারপ্রাপ্ত কোচ দিয়ে তো আর সবসময় চলবে না। আরবেলোয়াকে রেখে দেওয়া হোক বা অন্য কাউকে আনা হোক, নিয়মিত কোচ লাগবেই এবং সেই প্রক্রিয়াও চলছে। তাতেই আগের নানা সময়ের মতো উঠে আসছে ক্লপের নাম।
৯ বছর লিভারপুলের কোচের দায়িত্বে থাকার পর ২০২৪ সালে বিদায় নেন ক্লপ। চাপমুক্ত জীবন কাটানোর জন্য কোচিংয়ের জীবন থেকেও বিরতি নেন তিনি। আপাতত রেড বুলের গ্লোবাল ফুটবল প্রধান হিসেবে কাজ করছেন এই জার্মান।
চলতি মৌসুম শেষে রেয়ালের দায়িত্ব নিতে পারেন, এমন খবরের প্রসঙ্গে মিউনিখে একটি অনুষ্ঠানে ৫৭ বছল বয়সী কোচ বললেন, “রেয়াল মাদ্রিদ ফোন করলে আমরা এতক্ষণে খবর পেয়ে যেতাম। কিন্তু এসব ‘ননসেন্স।’ ওরা একবারও ফোন করেনি, একবারও নয়। আমার এজেন্ট ওখানে আছে, তাকে জিজ্ঞেস করতে পারেন। তাকেও ওরা ফোন করেনি।”
লিভারপুলের কোচের দায়িত্বে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপসহ ৮টি ট্রফি জিতেছেন ক্লপ। চলতি মৌসুমে ক্লাবের দুর্দশার পর আর্না স্লটের জায়গায় আবার ক্লপকে ফেরানো নিয়েও আলোচনার কথা জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম। রেয়াল মাদ্রিদ নিয়ে গুঞ্জন তো আছেই।
কোচিং থেকে আপাতত দূরে থাকলেও ক্লপ নানা সময়েই বলেছেন, ফিরবেন আবার। এখনও তিনি সেই ভাবনাতেই আছেন। তবে ফেরার দিনক্ষণ ঠিক করেননি এখনও।
“এই মুহূর্তে আমি সে বিষয়ে (কোচিংয়ে ফেরা) ভাবছি না, সৌভাগ্যবশত ভাবার কোনো কারণও হয়নি।”
“বয়সের তুলনায় আমি জীবনে বেশ এগিয়ে গেছি, কিন্তু কোচ হিসেবে আমার কাজ এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। আমি এখনও অবসরের বয়সে পৌঁছাইনি। আগামী বছরগুলোতে কী হবে তা কে জানে! তবে কোনো পরিকল্পনা নেই।”
