১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইন্টারকে হারিয়ে মরিনিয়ো বললেন, ‘৬-৬ গোলে ড্র হতে পারত’

‘পাগলাটে ম্যাচ ছিল। এই ধরনের পাগলামো আসলে আমার পছন্দ নয়’, ইন্টার মিলানের আক্রমণের স্রোত সামলে জয়ের পর বললেন রেয়াল মাদ্রিদ কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 11:17 AM

Updated : 17 Sep 2026, 02:57 AM

ম্যাচজুড়ে আক্রমণের স্রোত বইয়ে দিয়েছিল ইন্টার মিলান। সেসব সামলে রেয়াল মাদ্রিদও সুযোগ কম পায়নি। শেষ পর্যন্ত স্কোরলাইনে যদিও ম্যাচের চিত্র ফুটে উঠছে সামান্যই। তবে বাস্তবতা কিছুটা বোঝা গেল জুজে মরিনিয়োর কথায়। তার মতে, ম্যাচে এক ডজন গোলও হতে পারত। রেয়াল মাদ্রিদ কোচ অবশ্য সাফ বলে দিয়েছেন, এই ধরনের ‘পাগলাটে’ ম্যাচ তার পছন্দ নয়। 

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে মঙ্গলবার ঘরের মাঠে রেয়াল মাদ্রিদ ২-১ গোলে হারায় ইন্টার মিলানকে।

খেলার শুরু থেকে দাপট ছিল ইন্টারের। তবে ইতালিয়ান ক্লাবটির দুটি ভুল কাজে লাগিয়ে এগিয়ে যায় রেয়াল। ইন্টার পরে আক্রমণের পর আক্রমণ চালিয়ে যায়। তবে তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান রেয়ালের গোলকিপার তিবো কর্তোয়া। ৭৭তম মিনিটে ইন্টার একটি গোল শোধ করতে পারলেও আরেকটি গোলের দেখা আর পায়নি। 

আক্রমণ রেয়ালও করেছে বেশ। ভুল করে দলকে গোল হজম করালেও পরে দারুণ খেলেছেন ইন্টারের গোলকিপার জুজেপ মার্তিসেনও।

গোলে ১৬ শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে রেয়াল, ২১ শট নিয়ে ইন্টার লক্ষ্যে রাখে ৮টি।

ম্যাচের পর মরিনিয়ো বললেন, এই ধরনের অস্থির ম্যাচ তার কোচিংয়ের ধরনের সঙ্গে খাপ খায় না। 

“শেষ কথা হলো, ম্যাচটি ৬-৬ গোলে ড্র হতে পারত বা এরকম স্কোরলাইন থাকতে পারত। আমাদের সুযোগ ছিল আরও গোল করার, ওদেরও। 

পাগলাটে ম্যাচ ছিল। এই ধরনের পাগলামো আসলে আমার পছন্দ নয়। পাঁচ-ছয়-সাত গোল করলে তো অবশ্যই ভালো লাগবে। তবে এর চেয়ে আমার বেশি পছন্দ খেলা নিয়ন্ত্রণে রাখা, গোলকিপারকে যেন এরকম অবিশ্বাস্য পারফরম্যান্স না দেখাতে হয়।”

অস্থির ম্যাচে তৃপ্ত হতে না পারলেও ফলাফলে সন্তুষ্ট মরিনিয়ো। প্রাথমিক পর্বে এবার রেয়ালের মূল দুই কঠিন প্রতিপক্ষ ইন্টার মিলান ও আর্সেনাল। সেটির একটির বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেয়ে কোচ খুশি। 

“এটা না বলে উপায় নেই যে, আমরা দুর্দান্ত একটি দলের বিপক্ষে খেলেছি, যাদের হাজারটা বিকল্প আছে। খুবই কঠিন ম্যাচ ছিল। এই তিন পয়েন্ট দারুণ গুরুত্বপূর্ণ। (পরের ধাপে) কোয়ালিফাই করার জন্য তিনটি পয়েন্ট হয়ে গেল। আমি নিশ্চিত, এমনিতেও আমরা পারব (পরের ধাপে যেতে)। তবে এই তিনটি পয়েন্ট দারুণ গুরুত্বপূর্ণ হবে।”